চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরের মহাডাঙ্গা মহল্লার অদূরে ধানক্ষেতে গত ৬ জানুয়ারী রাতে গৃহবধু স্বপ্না আক্তার জেসমিনকে(৩২) হাসুয়া দিয়ে কুপিয়ে ও মাফলার দিয়ে শ^াসরোধে হত্যা এবং আলামত নষ্টের জন্য হত্যার পর পেট্রোল দিয়ে পুড়িয়ে মরদেহ বিকৃত করার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এছাড়া ঘটনার মূলহোতা নিহতের ননদের স্বামী শরিফুল ইসলাম ও সরাসরি হত্যায় অংশ নেয়া মহাডাঙ্গা মহল্লার তিন নারী পরভীন,আয়েশা বেগম ও লেতুন জেরাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার শরিফুল মঙ্গলবার (৯জানুয়ারী) বিকেলে আদালতে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের নিকট ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছে।
সুদের টাকা লেনদেন নিয়ে নৃশংস হত্যাটি সংঘটিত হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ হত্যায় ব্যবহৃত হাসুয়াসহ অনান্য আলামতও উদ্ধার করেছে। স্বপ্না চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর মুন্সিপাড়া মহল্লার কুতুব আলীর স্ত্রী ও দুই শিশু সন্তানের জননী।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান ঘটনার বিস্তারিত জানান। ওসি বলেন, স্বপ্না সুদের কারবারি ছিলেন। তিনি টাকা পেতেন গ্রেপ্তার ওই ৪ জনের নিকট। গত শনিবার রাত ৮টার দিকে তিনি টাকা তুলতে মহাডাঙ্গা (পৌর ১ নং ওয়ার্ড) মহল্লায় যান। তখন তাঁর সৎ ননদের স্বামী শরিফুল ও ওই তিন নারী পরিকল্পিতভাবে টাকা দেবার কথা বলে তাঁকে শরিফুলের বাড়ির অদূরে মাঠে নিয়ে যান। তারা সেখানে তাঁকে হত্যা করে মরদেহ জ¦ালিয়ে দিয়ে পালিয়ে যান।
ওসি আরও বলেন, এর পরদিন গত রবিবার (৭ জানুয়ারী) অবিকৃত পা দেখে মরদেহ শনাক্ত হয়। তার পরদিন গত সোমবার(৮ জানুয়ারী) এ ঘটনায় শরিফুল সহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে মামলা করেন স্বপ্নার বড়ভাই হাবিবুর রহমান। মামলার পর মূলহোতা ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।