আজ মঙ্গলবার গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে জাপান, সৌদি আরব, কাতার ও ইরানসহ ১৯ দেশ।
দেশগুলো হলো- জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, রিপাবলিক অব কোরিয়া, ব্র“নেই দারুসসালাম, মালয়েশিয়া, মিশর, আলজেরিয়া, কুয়েত, লিবিয়া, ইরান, ইরাক, ওমান, কাতার, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত ও ফিলিস্তিন।
বাংলাদেশে নিযুক্ত এসব দেশের রাষ্ট্রদূতগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করে নিজ দেশের সরকারের পক্ষে শুভেচ্ছা জানান।
এসময় রাষ্ট্রদূতগণ তাঁদের দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণের অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৌঁছে দেন। তাঁরা পারস্পরিক স্বার্থ ও উন্নয়ন সংক্রান্ত দ্বি-পাক্ষিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূতরা। বাংলাদেশের সাথে নিজ নিজ দেশের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন তারা।
প্রধানমন্ত্রী গণভবনে আসা রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানান বাংলাদেশের জনগণ ও সরকারকে অব্যাহতভাবে সহযোগিতা প্রদানের জন্য। বন্ধু দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদেরও আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় আগামী দিনগুলোতেও বন্ধু রাষ্ট্রসমূহের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।