বিমান হামলায় মিয়ানমারের একটি গ্রামে শিশুসহ অন্তত ১৫ জন নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-০৮ ২১:৩৮:১৭
image

বিমান হামলায় মিয়ানমারের একটি গ্রামে শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে। 
রোববার (৭ই জানুয়ারি) স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে  জান্তা বিরোধীদের সঙ্গে লড়াই করে দেশটি ক্রমবর্ধমান ভয়ানক লড়াইয়ে জাড়িয়ে পড়েছে। 
এদিন স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে তামু জেলার খাম্পাত টাউনশিপের একটি গ্রামে বিমান হামলা হয়। 
গণমাধ্যমগুলো শিশুসহ ১৫ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে। 
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুরুষ এবং একজন নারী প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেছেন, হতাহতের সংখ্যা আরো বেশি। ওই ব্যক্তি হামলার সময় জান্তার যুদ্ধবিমান দেখার কথা জানিয়ে বলেছেন, ‘আটটি শিশুসহ ১৯ জন নিহত হয়েছে। ’
তিনি আরো বলেছেন, প্রথম বোমাটি গ্রামের দুটি গির্জাকে লক্ষ্য করেছে এবং লোকজন ভবন থেকে পালিয়ে যাওয়ার সময় দ্বিতীয় হামলাটি হয়। 
অধিকাংশই গির্জার এলাকার বাইরে নিহত হয়েছে। কারণ তারা পালানোর জন্য দৌড়াচ্ছিল। হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।