প্রায় ১শ’ নতুন মুখ দ্বাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-০৮ ১৬:১১:৫৪
image

প্রায় ১শ’ নতুন মুখ দ্বাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন। ৭ই জানুয়ারির নির্বাচনে নতুন যারা জিতেছেন তাদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী ছিলেন। নৌকার হয়েও জাতীয় সংসদে প্রথমবার বসতে যাচ্ছেন নতুন কয়েকজন সদস্য। এরমধ্যে ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের মধ্যে ৯ জনই নতুন সদস্য। এছাড়া ঢাকায় ৯জন, চট্টগ্রামে ৭ জন আর কুমিল্লায় নতুন সংসদ সদস্য হয়েছেন ৬ জন।
আগের জাতীয় নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে নতুন সংসদ সদস্যের সংখ্যা বেশি। ভোট হওয়া ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে ৯১টি আসনেই নতুন মুখের দেখা মিলেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট পাশাপাশি স্বতন্ত্র অনেক প্রার্থী নির্বাচনে অংশ নেয়ায় এত বেশি  নতুন মুখের দেখা মিলেছে। তবে পারিবারিক রাজনীতির ধারায়ও এসেছেন অনেকে।
এর মধ্যে ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের মধ্যে ৯ জনই প্রথম সংসদ সদস্য হয়েছেন। ঢাকার ২০টি আসনের ৯ জন নতুন। চট্টগ্রামে ১১টির মধ্যে ৭ জন, কুমিল্লার ১১টির মধ্যে ৬ জন নতুন সংসদ সদস্য। এই ৩১টি আসন ছাড়াও দেশের বিভিন্ন সংসদীয় আসনে দেখা মিলেছে অনেক নতুন মুখের। যাদের বেশিরভাগেরই বয়সেও তরুণ। 
এবারের নির্বাচনে মাগুরা-১ আসন থেকে ক্রিকেটার সাকিব আল হাসান নতুন এমপি হয়েছেন বিপুল ভোটের ব্যবধানে জিতে। হবিগঞ্জ-৪ আসনে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী বিসাবে নতুন সংসদ সদস্য হয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বিজয়ী হয়েছেন। 
প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই চমক দেখিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করে জিতেছেন তিনি। 
ঢাকা-৪ আসনে নৌকার সানজিদা খানমকে হারিয়ে প্রথমবার সংসদ সদস্য হয়েছেন আওলাদ হোসেন। এছাড়া এবারই প্রথম এমপি হয়েছেন, ঢাকা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল, ঢাকা-১৯ এর স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা-৬ এর সাঈদ খোকন, ৭ এর সোলাইমান সেলিম, ঢাকা ১১ এর মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, ঢাকা-১৪ এর মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা-১৮ এর খসরু চৌধুরী এবং পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ।