সারাদেশের মতো সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হলেও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ভোটার উপস্থিতি অত্যন্ত কম। সকাল এগারোটার পরও ভোটারদের উপস্থিতি হাতেগোনা। কোন কোন কেন্দ্রে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কোনো ভোটারকে দেখা যায়নি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৪৮৭ জন। উপজেলার একটি পৌরসভা এবং ১৮টি ইউনিয়ন মিলে ভোটকেন্দ্র ১৩৩টি। এগুলোর মধ্যে ৬৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান ভূঁইয়া বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য-উপাত্ত, আগের নির্বাচনগুলোর সময়কার পরিস্থিতি এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনার বিচার-বিশ্লেষণ করে কেন্দ্রের নিরাপত্তার ছক ও তালিকা তৈরি করা হয়েছে।
উল্লেখ্য এই আসন থেকে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁদের মধ্যে সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার সনি ও স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো. আবু তৈয়বের সক্রিয় অবস্থান লক্ষ্য করা গেছে। বাকিদের মধ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী আল মাইজভাণ্ডারীর উপস্থিতি নির্বাচনী প্রচারণার রেকর্ড বাজানোর মধ্যেই সীমিত ছিলো। অন্যদিকে গত ৪ জানুয়ারি নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
এদিকে, আজ সকাল ৮ টায় নানুপুর মজহারুল উলুম গাউছিয়া ফাযিল মাদ্রাসায় নিজের ভোট প্রদান করছেন নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি ও
জাহানপুর উচ্চবিদ্যালয় নিজ কেন্দ্রে ভোট দিলেন স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়ব। দুজনেই জয়ের ব্যাপারে আশাবাদী বলে সাংবাদিকদের জানান।