কক্সবাজারে রামুর বৌদ্ধ বিহারে আগুন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-০৬ ২০:৪৮:৫৮
image

শুক্রবার (৫ জানুয়ারী) কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের চেরাংঘাটায় রাখাইন জনগোষ্ঠীর প্রায় দেড়শো বছরের প্রাচীন উসাইচেন বড় ক্যাং বৌদ্ধ বিহারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তা এগিয়ে আসায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফলে বড় ধরণের ক্ষয়ক্ষতি না হলেও বিহারটির দোতলায় ওঠার সিঁড়ি সম্পূর্ণ পুড়ে যায়।
রাত দুইটা ১৫ মিনিটের সময় প্রাচীন বৌদ্ধ বিহারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এটি একটি পরিকল্পিত নাশকতার চেষ্টা বলে মনে করছেন স্থানীয়রা। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে কেউ নিশ্চিত হতে পারেনি।
শুক্রবার রাত ২ টার দিকে আকস্মিক ভাবে আগুন দেখে বৌদ্ধ বিহারের অবস্থানকারী ভিক্ষুরা চিৎকার করে ও ফোনে বিষয়টি অবহিত করলে এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। স্থানীয়রা ৯৯৯ এ ফোন করলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষনে বিহারের দোতলায় ওঠার সিঁড়িটি পুড়ে যায়।
খবর পেয়ে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মাহফুজুল হক, বিজিবি ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে বিহার প্রাঙ্গনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।