বিতর্ক যেন আর পিছু ছাড়ে না অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজের

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-০৬ ১৩:৪৬:৪৭
image

অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজের পিছু ছাড়েনা বিতর্ক। অবশ্য সোশ্যালে আজকাল নানা ‘বিতর্কিত ছবি’ পোস্ট করা থেকেও বিরত থাকেন না তিনি। তৃণমূলের বিধায়ক, ২ বার বিবাহবিচ্ছেদ হওয়া কাঞ্চনের সঙ্গে সম্পর্ক নিয়ে এমনিতেই রয়েছেন আলোচনায়। আর তার মাঝেই এমন একটি ছবি দিলেন সোশ্যাল মিডিয়া, যা চোখে লাগছে অনেকেরই।
২০২১ সালের অভিনেতা কাঞ্চন মল্লিক বিধানসভা ভোটে জিতে বিধায়ক হিসেবে শপথ নিতে না নিতেই ঘাড়ে এসে চেপেছিল ‘পরকীয়া’র কাঁটা। কাঞ্চন-পত্নী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (এখনও অফিসিয়ালি ডিভোর্স হয়নি) থানায় গিয়েছিলেন। হেনস্থা করার অভিযোগ এনেছিলেন কাঞ্চন আর শ্রীময়ীর নামে। যদিও কাঞ্চন বা শ্রীময়ী কেউই এই সম্পর্ককে শিলমোহর দিতে চাননি।
তবে গত বছরের মাঝামাঝি সময় থেকেই একসঙ্গে ছবি দিতে দেখা যাচ্ছে কাঞ্চন-শ্রীময়ীকে একসঙ্গে। কখনও জন্মদিনের পার্টি, কখনও ফিল্মি পার্টি আবার কখনও তৃণমূলের মঞ্চে হাজির হচ্ছেন পোশাকে টুইনিং করে। নেটপাড়া তো মস্করা করে ডাকতেও শুরু করে দিয়েছে ‘শোভন-বৈশাখী লাইট’।
শ্রীময়ী যে ছবিটি শেয়ার করেছেন সোশ্যালে সেখানে তাঁকে মুখে করে কেক খাওয়াতে দেখা যাচ্ছে এক মহিলাকে। ‘Calling unconditional’ ক্যাপশনে ছবিখানা শেয়ার করেছেন তিনি। সঙ্গে আবার লাল হার্ট ইমোজি। তবে এমন পোস্টে জমিয়ে ট্রোল করল নেটিজেনরা। একজন লিখলেন, ‘কাঞ্চন গর্তে ঢুকে হারিয়ে গিয়েছে’। আরেকজন লিখলেন, ‘কাঞ্চনকে দিয়ে আর পোষাচ্ছে না’। তৃতীয়জন লিখলেন, ‘হে প্রভু! এসব কী হচ্ছে’।
এক সাক্ষাৎকারে কাঞ্চনের সঙ্গে সম্পর্ক নিয়ে শ্রীময়ীকে বলতে শোনা যায়, ‘আমার সঙ্গে অনেক বছর হয়ে গেল (কাঞ্চনের) এই বন্ধুত্ব, ১০-১২ বছর। এই বন্ধুত্বটা এতটা গভীরও হত না, আসলে কাঞ্চনদার মা মারা যাওয়ার পর আমি দেখেছি ওঁকে কীভাবে একাকীত্ব গ্রাস করেছিল। কাঞ্চনদা খুব ইন্ট্রোভার্ট। উনি নিজের ব্যক্তিজীবনকে সামনে আনতে চান না। কাঞ্চনদা এত মানুষের মুখে হাসি ফোটায়, কিন্তু আমি ওঁকে একা ঘরে কাঁদতে দেখেছি। আমায় বলেছে, আমার সবকিছু থাকতেও কিছু নেই। কাঞ্চনদা জীবনে প্রপার একটা কাঁধ পায়নি। যেখানে বিশ্বাস করে কাঞ্চনদা কথাগুলো বলবে। কাঞ্চনদার জীবনের ওই কাঁধটা আমিই। বিপদে হাতটা আমিই ধরেছিলাম।’
তবে ভালোবাসার কথা না মানলেও ভালোলাগা যে আছে তা স্বীকার করে নিয়েছেন। শ্রীময়ী জানান, ‘আমরা এই সম্পর্ককে বন্ধুত্বের নাম দিতে পারি। ভালোলাগার একটা ব্যাপার তো থাকবেই। সবসময় যে সম্পর্কের নাম দিতে হবে স্বামী-স্ত্রী, ভাই-বোন…. (সেটা নয়), আমরা বন্ধুত্বের সম্পর্কে খুব ভালো আছি।’-হিন্দুস্তান টাইমস।