বিতর্কিত কোরীয় দ্বীপে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার সেখানকার সামুদ্রিক সীমান্ত এবং দক্ষিণ কোরিয়ার দুটি দ্বীপ লক্ষ্য করে ২০০ রাউন্ড গুলি ছুঁড়েছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার এই পদক্ষেপকে উস্কানীমূলক বলে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে সিউল। সেইসাথে এই ঘটনার জবাবে পালটা প্রতিক্রিয়ার পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া। এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার ইয়েনপিয়ং এবং বায়েংনিয়ং দ্বীপের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে, দক্ষিণ কোরিয়ার ফ্রন্টলাইন দ্বীপ ইয়েনপিয়ংয়ের বাসিন্দারা জানিয়েছে, তাদের দ্বীপ ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সামরিক বাহিনী। কেননা তারা শুক্রবার বিকেলের দিকে সমুদ্রে ফায়ারিং মহড়া শুরু করার পরিকল্পনা করছে সিউল।
১৯৯৯ সাল থেকে কোরিয়ার সমুদ্রসীমায় বেশ কয়েকবার রক্তক্ষয়ী আন্তঃকোরীয় যুদ্ধ হয়েছে। ২০১০ সালে ইওনপিয়ং দ্বীপে আর্টিলারি স্ট্রাইকও শুরু করেছিল উত্তর কোরিয়া।
অবশেষে সীমান্তে উত্তেজনা প্রশমনে ২০১৮ সালের একটি সামরিক চুক্তি সই করেছিল দুই কোরিয়া। ওই চুক্তিতে বলা হয়, দুই কোরিয়াকে তাদের সীমান্তে স্থাপিত নো-ফ্লাই এবং বাফার জোনে লাইভ-ফায়ার অনুশীলন এবং এরিয়াল নজরদারি বন্ধ করতে হবে। তবে নভেম্বরে উত্তর কোরিয়া প্রথম সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করলে দুই কোরিয়ার মধ্যে বিবাদ শুরু হয়। এতে এই সামরিক চুক্তিটি ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।