এ যেন এক উষ্ণ ভালোবাসার গল্প
- হাসান মেহেদী:
-
২০২৩-১২-৩০ ২০:৪৩:৫৬
সকাল থেকে সারি সারি দাঁড়িয়ে আছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ হতদরিদ্র পরিবারের সহস্রাধিক নারীপুরুষ। তাঁদের হাতে কয়েকজন তরুণ তরুণী উষ্ণ ভালোবাসার প্রতীক হিসেবে তুলে দিচ্ছেন কম্বল কিংবা গরম কাপড়। আবার কোমলমতি শিশুদের হাতে তুলে দেওয়া হচ্ছে স্কুলব্যাগ আর সোয়েটার। গরম কাপড় হাতে পেয়ে মুহূর্তেই উজ্জ্বল হয়ে উঠে অন্ত্যজ শ্রেণির এসব মানুষের মুখ। হয়তো এ সামান্য কম্বলেই তাঁরা খুঁজে নেবেন কনকনে শীতে কাঙ্ক্ষিত উষ্ণতা। আবার স্কুলব্যাগ হাতে পেয়ে স্কুল-মাদরাসায় পড়ুয়া ছোট ছোট শিশুদের চোখেমুখে যে আনন্দ ফুটে ওঠে, তা যেনো তাদের স্বপ্নের আগামীর পথে এক টুকরো আলো হয়ে উঠে।
আজ (শনিবার) এমনই এক মানবিক গল্পের সৃষ্টি করেছে '০২০৪ বাংলাদেশ' নামের একটি সংগঠন। সারাদেশের এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ ব্যাচভিত্তিক এই সংগঠন
ফটিকছড়ি উপজেলায় এক হাজার হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ করেছে। সকাল দশটায় উপজেলার নারায়ণহাটের সতিবী কুম্ভরাম ত্রিপুরা পল্লী ডিসি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মাহমুদ, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রমুখ।
আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন অর্ণব বড়ুয়া, ফয়সাল অভি, আরিফ মাহমুদ, আলী হায়দার স্বাধীন, অর্পিতা পাল, জিকু চৌধুরী, হাসিবুল করিম চৌধুরী, সরওয়ার উদ্দিন, ঊর্মি বড়ুয়া, ইয়াছিন, জনি ঘোষ, শীলা তাহের, সোহাগ সাঈদ, আক্তার হোসেন এলিট, আবদুল্লাহ আল মাহমুদ, সরওয়ার উদ্দিন, হাসান মেহেদী, বিজয় মজুমদার, খায়রুল খোমেনী প্রমুখ।
এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, যাঁরা সমাজে মোটামুটি ভালো অবস্থানে আছেন তাঁদের লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা। আমি '০২০৪ বাংলাদেশ' পরিবারের একজন হয়ে সাধারণ মানুষের জন্য কিছু করার অংশ হতে পেরে গৌরব বোধ করছি।