চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ১৯টি মাষ্টার কী সহ মোটরসাইকেল চোরচক্রের দলনেতা গ্রেপ্তার
- জাকির হোসেন পিংকু
-
২০২৩-১২-২৬ ২২:০৮:২৯
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের দলনেতা ও ৫টি মোটরসাইকেল চুরির আসামি মহব্বত আলী ওরফে রয়েলকে (২৭) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সাকর্টি হাউস মেইন গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে জব্দ হয় বিশেষ কায়দায় তৈরি মোটরসাইকলের ১৯পিস মাষ্টার কী (নকল চাবি)। রয়েল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কেশবপুর (নদীর ধার) এলাকার বাসিন্দা।
মঙ্গলবার(২৬ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারের পর রয়েলকে নিয়ে তার দেয়া তথ্য অনুযায়ী রাজশাহী মহানগর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে মঙ্গলবার ভোররাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার পিরোজপুর গ্রাম হতে একটি চুরিকৃত ১৫০ সিসি এপাচি মোটরসাইকেল উদ্ধার হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসগার আলী বলেন,রয়েলের নামে রাজশাহী,নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন থানায় এখন পর্যন্ত অন্তত: ৫টি মোটরসাইকেল চুরির মামলার খোঁজ মিলেছে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে। আসামীকে মঙ্গলবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। মোটরসাইকেল চোরচক্রের অনান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান গোয়েন্দা কর্মকর্তা আসগার আলী।