তুমি আমার সহজলভ্য ফাগুন ছিলে
চাইলেই লাল, উড়াল বুকে আগুন ছিলে
ছয় ঋতু বা বারো মাসের হিসাব ভুলা
তুমি আমার সাত চব্বিশের তা-ধুন ছিলে।
তোমার ঠোঁটের বেহিসেবি তরল রেখা
নিত্য গ্রীবায় গর্ব ভরে আঁকতে লেখা
ভালবাসায় উজাড় হবার ভিন্ন রীতে
শ্রাবণ বানেও তুমি সুখের প্লাবন ছিলে।
খোঁপায় কভু দেইনি আদর কৃষ্ণচুড়া
বাঁধা হয়নি বিশেষ কোন গোলাপ তোড়া
তবু প্রতি সলাজ ভোরে সুচঞ্চলা
ভালবাসার সকল ত্রুটি বা গুন ছিলে।
তুমি এখন রঙধনু বা দূরের জ্যোতি
ভুল বসন্তে বেঁচে থাকার জল আকুতি
তুমিই আমার ফাগুন ছিলে পরাশ্রিতা
এক পৃথিবী জ্বালিয়ে দেয়া আগুন ছিলে।