স্বাভাবিক প্রসবে চট্টগ্রামে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের রেকর্ড

  • হাসান মেহেদী:
  • ২০২৩-১২-১০ ১৮:৪৬:৩১
image
গর্ভবতী ও প্রসূতি মায়েদের মানসম্পন্ন চিকিৎসার পাশাপাশি স্বাভাবিক প্রসবে (নরমাল ডেলিভারি) রেকর্ড গড়েছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২০২৩ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এগারো মাসে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে তিন হাজারেরও অধিক স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসূত্রে জানা গেছে। যা চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ। এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরেফিন আজিম জানান, এ বছর জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত ৩ হাজার ৫৮৫টি নরমাল ডেলিভারি করানো হয়েছে। এখানকার নরমাল ডেলিভারির সাফল্যের কথা জানার পর ধনী ও গরীব সকলেই এখানে আসেন। তিনি জানান, নরমাল ডেলিভারিতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকে। যাঁদের স্বাভাবিক প্রসব সম্ভব নয়, তাঁদের সিজারিয়ান অপারেশনও হয়। সেটির সংখ্যা কম। তিনি জানান, গত বছর এখানে চার হাজারের বেশি স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে। ডা. মো. আরেফিন আজিম বলেন, আমরা দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষকে স্বাভাবিক প্রসবের বিষয়ে উদ্বুদ্ধ করে আসছি। স্বাভাবিক প্রসবে সফলতা অর্জন করার কারণে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভিন্ন সময় পুরস্কৃত হয়েছে। আমাদের দক্ষ চিকিৎসক, নার্স, মিডওয়াইফসহ সংশ্লিষ্ট সবার প্রচেষ্টার কারণে এই সফলতা এসেছে। অন্যদিকে, স্বাস্থ্যসেবার র‍্যাংকিংয়েও চট্টগ্রাম জেলায় প্রথম স্থান অর্জন করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়া সারাদেশের মধ্যে ২৭তম অবস্থানে আছে এই চিকিৎসাকেন্দ্র।