অনেক পথ এলাম পার হয়ে
অন্দরমহলের একটার পর একটা
দরজা পেরিয়েছি,
তাও কি খুলতে পেরেছি
আমার অন্তঃপুরের দরজাটা?
কে যেন জোর করে বন্ধ করে দেয়
হয়ত আমি নিজেই,
অভ্যেসের তাড়নায়।
খোলা জানলা দিয়ে যখন দেখি
আকাশের উড়ে যাওয়া পাখীটাকে,
তখন নিজের কাটা ডানাদুটোর জন্য ছট্ফট্ করি,
অথচ কেউ দিলেও একটুকরো মুক্তিকে
আপন করে নিতে পারিনা।
কেউতো পরায়নি শৃঙ্খল আমাকে,
তবে কেন এই দ্বিধা,
কেন এই দ্বন্দ?
আমার অজান্তে আমি বাঁধা আছি
আমার নিজের হাতে গড়ে তোলা এই সাম্রাজ্যে।
মন চায় বাধাবন্ধনহীন ওই খোলা আকাশে
পাখীর মতন ডানা মেলে ঊড়ে বেড়াতে,
কিন্তু অন্তর চায়,
আমার ছোট্ট সেই কোণার ঘরটা,
তার দেওয়ালে একফালি দক্ষিণের জানলা,
যা আমার একান্ত নিজের,
আমার প্রথম ভালোবাসার স্মৃতি দিয়ে ঘেরা
আমার ছোট্ট সাম্রাজ্য।