অর্চনা মালাকার

  • আমার মিনতি
  • ২০২৩-১২-০৭ ১৭:৩০:৫৮
image

কেউ আমাকে একটু আলোর পথ দেখাবে --- আলো ! 
অন্ধকারে থাকতে থাকতে জীবনটা আঁধারে ঢেকে গেছে  
আমিও আজ অন্ধ চোখের আলো নিভে গেছে সেই একাত্তরে। 

দানবের হাত থেকে যখন ছাড়া পেলাম 
রাজাকারের দল আমার চোখ অন্ধ করে দিয়েছিল।  
যারা আমাকে দানবের হাতে তুলে দিয়েছিল, 
আমি সেদিন বিপ্লবী ---
আমার ভাইদের কাছে অনেক খবর পৌঁছে দিয়েছিলাম। 
আমার হাতিয়ার ঐ কলা বিক্রেতা ছোট্ট সুমন। 
ঐ যে শান্তিবাহিনী বুঝতে পেরে আমার চোখ দুটো কেড়ে নিয়েছিল। 
আমি আমার বাবা-মায়ের চিৎকার শুনেছিলাম, 
খুঁচিয়ে খুঁচিয়ে তাদের মারা হয়েছিল। 
আমার স্বামীর সামনে আমাকে বিবস্ত্র করা হয়েছিল,
তারপর গোপন সংবাদ উদ্ধার করতে বেঁধে গরম পানি গায়ে ঢেলে
তার শরীর থেকে চামড়া ছিলেছিল, 
তবুও তারা পায়নি মুক্তিযোদ্ধার খবর।

নয় মাস যুদ্ধ শেষে বিজয় এলো, 
আমি স্বাধীন সূর্যটা দেখতে পারিনি। 
আমার সমস্ত শরীর জলন্ত সিগারেটের আগুনে দগ্ধ, 
আহ্ কী কষ্ট, আরো কষ্ট পিশাচের অট্টহাসিতে। 

তোমরা যেদিন বিজয় মিছিলে ব্যস্ত ছিলে
আমি অন্ধকারে পড়েছিলাম বস্তির আধাপোড়া ঘরে, 
সেই থেকে সেখানেই পড়ে আছি, কেউ আমার খবর জানে না।
আর খবর জানবেই বা কী করে, সবাই জানে আমি মৃত,
কিন্তু আমার অস্পৃশ্য শরীরটা মৃত্যুও ছোঁয়নি হয়তো বা ঘৃণায়। 

আজ আর চলতেও পারি না অভুক্ত থাকতে থাকতে। 
মরণ তোমার কাছে আমার মিনতি আমাকে মুক্তি দাও
এ অন্ধকার জীবন  থেকে। 
তোমরা স্বীকৃতি না দিলেও আমি জানি --- আমি বীরাঙ্গনা।