ফটিকছড়িতে ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বাল্যবিবাহ পণ্ড

  • হাসান মেহেদী
  • ২০২৩-১২-০৪ ২১:২৯:০৯
image

ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বাল্যবিবাহ পণ্ড হয়েছে চট্টগ্রামের ফটিকছড়িতে। আজ (সোমবার) বিকেল চারটায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের মুসলিমপুর গ্রামে  অপ্রাপ্তবয়স্ক এক কন্যার বিয়ের আয়োজন করা হলে  ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  এটিএম কামরুল ইসলাম উপস্থিত হয়ে বাল্যবিবাহ পণ্ড করে দেন। একই সাথে মেয়ের মাকে করা হয় বিশ হাজার টাকা জরিমানা। 
জানা গেছে, আনোয়ারা বেগম (৪৮) তাঁর ১৬ বছরের মেয়েকে  দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে হাজির হন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এটিএম কামরুল ইসলাম। তিনি এই বাল্যবিয়ে পণ্ড করে  দেন এবং অপ্রাপ্ত বয়স্ক সেই মেয়ের মা আনোয়ারা বেগমকে বিশ হাজার জরিমানা করেন।
 সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম  বলেন, একজন ষোলো বছরের মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার আয়োজন হচ্ছে সংবাদ পেয়ে ভূজপুর থানা পুলিশসহ  ঘটনাস্থলে উপস্থিত হই। বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৮ ধারা লঙ্ঘনের দায়ে মেয়ের অভিভাবক, মা আনোয়ারা বেগমকে বিশ হাজার জরিমানা করা হয়।
তিনি বলেন, জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী মেয়ের বয়স ষোলো বছর হওয়ায় তাকে বিয়ে দেওয়ার কোন সুযোগ নেই।  আইনগত অভিভাবক হওয়া সত্ত্বেও বেআইনিভাবে নিজের মেয়ে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টার করায় মাকে এ জরিমানা প্রদান করা হয়। একই সাথে মেয়ে প্রাপ্তবয়ষ্ক না হওয়া পর্যন্ত নিজের কাছে রাখবেন এবং পাত্রস্থ করবেন না বলে মুচলেকা নেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।