তহুরা খাতুনের জোড়া গোলে প্রীতি ফুটবলে সিঙ্গাপুরকে হারালো বাংলাদেশ নারী দল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১২-০১ ২৩:৫৫:১০
image

শুক্রবার (০১ ডিসেম্বর) তহুরা খাতুনের  জোড়া গোলে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দল ৩-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে।বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে সাবিনা খাতুনরা এই জয়ের স্বাদ পেয়েছে। এর আগে গত বছরের ২৩শে সেপ্টেম্বর আন্তর্জাতিক কোনো ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ নারীর ফুটবল দল। 
আজকের ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল বাংলাদেশ। প্রথমার্ধেই দুই গোলের লিড নেয় সাবিনারা। ম্যাচের তৃতীয় মিনিটে কর্নার থেকে গোল করে বাংলাদেশ। আফিদা খন্দকার হেড দিয়ে গোলটি করেন। 
১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। মিডফিল্ড থেকে মারিয়া মান্ডা বল নিয়ে বক্সে প্রবেশ করেন। বল বাড়িয়ে দেন তহুরার কাছে। তিনি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের বাকি সময় খেলায় বাংলাদেশের আধিপত্যই ছিলো। 
দ্বিতীয়ার্ধে জয়ের ব্যবধান বাড়ান তহুরা খাতুন। ৬০ মিনিটে বক্সের মধ্যে বল পান এই ফরোয়ার্ড। গোলরক্ষকের মাথার উপর দিয়ে পাঠিয়ে গোল করেন তহুরা। ম্যাচের বাকি সময় বাংলাদেশ গোল বাড়ানোর চেষ্টা করেছে। 
সিঙ্গাপুর র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ১২ ধাপ এগিয়ে থাকলেও মাঠের পারফরম্যান্সে পিছিয়ে ছিল। এদিন বল পজিশন, আক্রমণ সব কিছুতেই বাংলাদেশ এগিয়ে ছিল। সিঙ্গাপুর ২০১৭ বাংলাদেশকে হারিয়েছিল। ছয় বছর পর বাংলাদেশ নিজেদের মাঠে সিঙ্গাপুরকে হারিয়ে সেই মধুর প্রতিশোধ নিল।