কোম্পানীগঞ্জ প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ। এ ভিআইপি আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতিদ্বন্দ্বি প্রার্থী হিসেবে তিনি লড়বেন।
বৃহস্পতিবার সকাল ১১ টার সময় জাতীয় পার্টির নেতাকর্মীরাসহ সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়ার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মোহাম্মদ আনোয়ার খালেদ উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাকিম মোহাম্মদ শহীদুল্লাহ্, কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টি নেতা সাইফুল ইসলাম স্বপন, নিজাম উদ্দিন, বসুরহাট পৌরসভা জাতীয় পার্টির সভাপতি মাহবুব জামিল মাসুম, কবিরহাট উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জিল্লুর রহমান বাবলু, কবিরহাট পৌরসভা জাতীয় পার্টির আহ্বায়ক নাসির উদ্দিন, নেতা মোস্তাফিজুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলার জাতীয় শ্রমিক নেতা ওমর ফারুক, জাপা নেতা আবদুল হালিম বাচ্চু, আজিজুল হক বাচ্চু প্রমূখ।
মনোনয়ন ফরম জমা দেওয়া শেষে ব্যারিস্টার তানভীর সাংবাদিকদের বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে বলে আমি আশা করছি। আমরা দলীয় প্রতীক লাঙ্গল নিয়ে নির্বাচন করব।
সহকারী রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, সর্বমোট পাঁচটি মনোয়নপত্র সংগ্রহ করাদের মধ্যে ৪টি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হচ্ছেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে দুটি, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ এবং জাতীয় সমাজতান্ত্রীক দলের নেতা মকছুদের রহমান মানিক।