আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন ,বিএনপির এখনও নির্বাচনে অংশ নেয়ার সুযোগ রয়েছে। তিনি বলেন, দলটির অনেক নেতাই ভোটে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে। বিকেলে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক। জনবিচ্ছিন্ন সংসদ সদস্যদের মনোনয়ন দেয়া হচ্ছেনা বলেও জানান ওবায়দুল কাদের।
দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করতে শুক্রবার দ্বিতীয় দিনের মতো দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। দুই দিনে চারটি বিভাগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে দলটি।
বিকেলে মনোনয়ন বোর্ডের সভা শেষে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, জনবিচ্ছিন্নদের বাদ দিয়ে বিজয়ী হতে পারবে এমন প্রার্থী বেছে নিচ্ছে আওয়ামী লীগ।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে অগ্নিসন্ত্রাস করছে। দেশের অর্থনীতি ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে। দলটি নির্বাচনে অংশ না নিলেও তাদের অনেক নেতাই অংশ নেবেন। তিনি বলেন, চোরাগুপ্তা হামলা করে নির্বাচন বানচাল করা যাবেনা।