পদদলিত হয়ে কঙ্গোর রাজধানী ব্রাজাভিলে অন্তত ৩৭ জন নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-২৩ ০৯:৪৬:১৩
image

সেনাবাহিনীর নিয়োগ কার্যক্রমে পদদলিত হয়ে কঙ্গোর রাজধানী ব্রাজাভিলে অন্তত ৩৭ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষেও বরাত দিয়ে এমনটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার।
এদিকে, দেশটির প্রধানমন্ত্রী আনাতোলে কোলিনেত মাকোসো বলেছেন এই দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন। কত লোক আহত হয়েছেন, সেই সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি ক্রাইসিস ইউনিট গঠন করা হয়েছে। ঘটনার অন্যান্য বিবরণ এখনও অস্পষ্ট।
গেল সপ্তাহে মধ্য আফ্রিকার দেশটির সেনাবাহিনী ১৮ থেকে ২৫ বছর বয়সী দেড় হাজার লোকবল নেওয়ার ঘোষণা দিয়েছিল। সম্ভাব্য নিয়োগপ্রত্যাশীদের ব্রাজাভিলের কেন্দ্রস্থলে মিশেল ডি'অরনানো স্টেডিয়ামে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাতেই বহু লোক ওই স্টেডিয়ামে এসে অবস্থান নেন। তখন পদদলিত হওয়ার ঘটনা শুরু হয়ে। কিছু লোক জোরপূর্বক গেট দিয়ে প্রবেশের চেষ্টা করছিলেন। ঠেলাঠেলি করতে গিয়ে তারা পদদলিত হন।