রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা দিয়ে যাওয়ার আশ্বাস আমেরিকার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-২২ ১০:০৪:০৯
image

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে অব্যাহত সহযোগিতা দিয়ে যাওয়ার কথা জানিয়েছে আমেরিকা। এ বিষয়ে আশ্বস্ত করতে গতকাল সোমবার ইউক্রেন সফর করছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েড। ইউক্রেনে এটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর অঘোষিত সফর।  
সফরের বিষয়ে এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, ইউক্রেনের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে এবং দেশটির লড়াইয়ে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করতে কিয়েভ সফর করছেন অস্টিন। 
নিরাপত্তার কারণে সফরের বিষয়টি আগে থেকে ঘোষণা দেওয়া হয়নি। গত বছরের ফেব্র“য়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর এ নিয়ে দ্বিতীয়বার কিয়েভ সফরে গেলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।
যুদ্ধে ইউক্রেনকে শত শত কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ‘যত দিন প্রয়োজন’ এই সহযোগিতা দিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তবে রিপাবলিকান পার্টির কট্টরপন্থী আইনপ্রণেতাদের বিরোধিতার কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সহায়তা পাওয়া নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। 
এমন সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী কিয়েভ সফর করছেন, যখন কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা ইউক্রেনের প্রতি সহায়তা অব্যাহত রাখার বিরোধিতা করছেন। মার্কিন সরকারের সংকট এড়াতে গত সপ্তাহে কংগ্রেসে পাস হওয়া সাময়িক বিলে ইউক্রেনকে নতুন করে সহায়তা দেওয়ার বিষয়টি বাদ পড়ে।