রাতে আসছে না ফাইজারের টিকার প্রথম চালান

  • নিউজ ডেস্ক:
  • ২০২১-০৫-৩০ ০৫:৪১:২৯
image
যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি করা করোনাভাইরাস প্রতিষেধক টিকার প্রথম চালান রোববার রাতে দেশে আসছে না। গ্লোবাল অ্যালায়েন্স ভ্যাকসিনেশন অ্যান্ড ইম্যুনাইজেশন (জিএভিআই) কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে এক লাখ ৬২০ ডোজ টিকা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত ১১টা ২০ মিনিটে দেশে এসে পৌঁছানোর কথা ছিল। রোববার (৩০ মে) দুপুরে স্বাস্থ্য অধিপ্তরের স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এনসিডিসি) ডা. মো. রোবেদ আমিন। ফাইজারের এ টিকা আসতে আরও ১০ থেকে ১২ দিন সময় লাগবে। টিকা এলে কবে নাগাদ এবং কারা এই টিকার আওতায় আসবেন সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। এর আগে স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানিয়েছিলেন ফাইজার বায়োএনটেকের টিকার প্রথম চালান রোববার রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে এসে পৌঁছাবে। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে, এ পর্যন্ত দেশে টিকা এসেছে সেরাম থেকে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৭০ লাখ ডোজ। একই প্রতিষ্ঠানে তৈরি একই টিকার আরও ৩২ লাখ ডোজ ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে উপহার দেওয়া হয়েছে। অন্যদিকে চীন সরকারের পক্ষ থেকে উপহার পাওয়া গেছে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার সর্বশেষ তথ্য অনুসারে, দেশে গতকাল শনিবার পর্যন্ত করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ (অক্সফোর্ডের) দেওয়া হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ১৫ জনকে। একই টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪১ লাখ ৪২ হাজার ২৫৫ জন। শনিবার পর্যন্ত চীনের সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন এক হাজার ২৩৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে টিকা দেওয়া হয়েছে ৯৯ লাখ ৬৩ হাজার ৫০৯ ডোজ। বর্তমানে অক্সফোর্ড ও সিনোফার্মের টিকাসহ মজুদ আছে মোট সাত লাখ ৩৫ হাজার ডোজ।