পেছন ফিরে তাকাতেই ঝাঁ-ঝাঁ করে ওঠে পুরনো রোদ্দুর।
পুকুরপাড়ের দু’দু’টি নারকেল গাছ আঙুল নাড়িয়ে ডাকে।
শান্ত সমুদ্রের মতো নীলাভ আকাশ আর অরণ্যের ঘন সবুজে আবৃত
মধ্যপুকুরে ভেসে ওঠা জীবনানন্দের সবগুলো মাছ
নিমেষেই ডুব দেয় জ্যোৎস্নার গভীর সমুদ্রে।
আমগাছের ঘাড় কাৎ-করা ডাল থেকে লাফিয়ে পড়া
বালকের ছোট্ট দু’টি পা এক ডুবে ছুঁয়ে আসে কাদাকাটি
পাতালের কোমল আঙিনা।
স্মৃতি, আমাকে আর অমন করে ডেকো না হে।
আড়িয়াল খাঁ-র ব্যর্থ যৌবনের ক্ষতিচিহ্ন
আমাকে বড়ো কাতর করে তোলে!
আর, ঐ যে, ওইপাড়ে চতুর্ভুজের মতো সাজানো
সন্ন্যাসীর পর্ণকুটির---কলাগাছের ঘোমটা-টানা লাজুক আহ্বান,
ক্ষয়ে যাওয়া ডালপালার ফাঁকে ফাঁকে গজিয়ে ওঠা
নতুন পাতার মাতাল করা জাগরণ
আমাকে কোথায় নিয়ে যেতে চায় বলো তো?
শকুনি দীঘির পাড়ে জেগে ওঠা রাত্রির পদশব্দে এ-হৃদয় কেঁদে ওঠে কেন?
জনকের দীর্ঘশ্বাসে ভরে ওঠা আমাদের অনাবৃত ভূমিটুকু কেঁদে ওঠে কেন?
জননীর আর্তনাদে পশ্চিমের কিশোরী ডালিম গাছ কেঁদে ওঠে কেন?
নিরুত্তর হলুদ বাতাস দ্রুত উড়ে যায় দিগন্তের দিকে।
জলোচ্ছ্বাসে কেড়ে নেয়া পত্র-পল্লবহীন নিঃসঙ্গ বৃক্ষের মতো
জেগে থাকি একা;
আমৃত্যু জেগে থাকি গন্ধহীন ব্যথিত গোলাপ।