আজ ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-১৪ ০৮:৪০:২২
image

আজ মঙ্গলবার (১৪ই নভেম্বর) ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের আওতায় দেশব্যাপী ১০ হাজার ৪১টি অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
জানা গেছে, ৩৪৫ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ৬টি বহুতল ভবনের উদ্বোধন করবেন সরকার প্রধান। এদিকে, প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে বহুল প্রত্যাশিত কুষ্টিয়া মেডিকেল কলেজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় জেলা প্রশাসক সভা কক্ষে সংযুক্ত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। 
এরইমধ্যে মেডিকেল কলেজের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, হাসপাতালের আউট ও ইনডোর, চিকিৎসক ও ছাত্র-ছাত্রীদের আবাসিক ভবন, ভেতরের রাস্তা, প্রধান ফটক, ভেতরের আসবাবপত্র, চিকিৎসা সরঞ্জামাদি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। 
গত শনিবার দোহাজারী-কক্সবাজার রেললাইনসহ ১৪টি প্রকল্পের উদ্বোধন এবং ৪টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এর রেশ না কাটতেই আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের উদ্বোধন এবং বে-টার্মিনাল মাস্টারপ্ল্যানের মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আরও ৬৮টি প্রকল্প উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। 
এদিকে, খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের উদ্বোধন হচ্ছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই ইমিগ্রেশন কার্যক্রমের উদ্বোধন করবেন। এটি বাংলাদেশের ১৫তম এবং পার্বত্য চট্টগ্রামের প্রথম স্থলবন্দর। এ উপলক্ষে বন্দর কর্তৃপক্ষ ও কাস্টম থেকে যাবতীয়  প্রস্তুতি নেওয়া হয়েছে।