মো শা হে দ চৌ ধু রী

  • মন খারাপের দিনগুলোতে
  • ২০২৩-১১-০৯ ০৯:০২:০৬
image

মন খারাপের দিনগুলোতে একটু যদি ডাকতো কেউ
মলিন মুখের ভাঁজগুলোকে সবুজ পটে আঁকতো কেউ।
কিংবা ধরো মুঠোফোনে বলতো ডেকে কেমন আছো
কষ্ট আছে জানি তোমার -- কষ্টে তবু একটু বাঁচো।

আমার দিকে চেয়ে চেয়ে একটু যদি হাসতো কেউ
বইতো ব্যাকুল মনের মাঝে চপলা এক নদীর ঢেউ।
একটি কোমল হাত যদি আজ এগিয়ে দিতো গরম চা
হাজারটা বন চষে এনে দিতাম তারে করমচা।

কেউ যদি আজ আমায় দেখে গাইতো দু'টো গানের কলি
তার জন্যই অকাতরে জীবন দিতাম জলাঞ্জলি।
একলা আমার এক পৃথিবী একটা জীবন এমনি শেষ 
কেউ পাবেনা খুঁজে আমায় যখন হবো নিরুদ্দেশ।