মো বা র ক হো সে ন

  • মনকে দিলাম ছুটি
  • ২০২৩-১১-০৫ ০৮:৫৫:০৮
image

আজকে আমার মনকে দিলাম ছুটি-
তারার পৃষ্ঠে, চাঁদের পৃষ্ঠে, 
পাহাড় কিংবা সাগর-লোষ্ট্রে,
পৃথিবী নামক অপার সৃষ্টে
খাক না লুটোপুটি।
আজকে আমার মনকে দিলাম ছুটি।

ওই যে ওই সবুজ ঘাসে,
শিশির ভেজা সফেদ কাশে,
অঘ্রানেরই নীল আকাশে,
কিংবা পাকা ধানের বাসে,
ঘাস ফড়িঙের প্রণয় শ্বাসে
উঠুক কুসুম ফুটি।।
আজকে আমার মনকে দিলাম ছুটি।

আজকে আমার আনন্দ গান উল্লাসে,
টলমল ভাবের নদীর জোয়ার আসে।
বাঁকা চাঁদের হাসি ভরা মুখ,
বয়ে আনে অনন্ত প্রেম- সুখ।
সকল বাঁধন ছিন্ন যে হয় চারপাশে-
দেখুক সারা বিশ্বের লোক জুটি।
আজকে আমার মনকে দিলাম ছুটি।

ওই যে ওই পাখির গানে,
ভরা নদীর কলতানে,
সন্তরণশীল নারীর স্নানে,
কিংবা অলি- ফুলের পানে
গুনগুন সুর প্রস্রবণে-
জাগুক সাড়া পড়ুক সবাই লুটি।।
আজকে আমার মনকে দিলাম ছুটি।