রা জ ন্য রু হা নী

  • হৃদয় এবং মা সমার্থক
  • ২০২৩-১১-০২ ২২:৩৯:৩৪
image

হৃদয়ের কাছে মাথা নত করে দেখি
সবাই আদুরে শিশু
আর পৃথিবী মায়ের কোল।

উপাসনালয়ে মা থাকে না
নেই সমাজেও
রাষ্ট্র তো এমন বাবা যে মায়ের দেহ খেতে খেতে
আবার উগরে দেয়
শুধু পড়ে থাকে থেঁতলানো প্রাণ
সেখানেও মা নিয়ে জাবর কাটা ছাড়া 
কিছুই পারে নি দিতে গল্পফাঁদা ধূর্ত সংবিধান

সব পথ ভাঁজ করে ট্রাংকে তুলে রাখি
সেইসব মানুষের জন্য
যারা হার্টবিট ফেলে হাপর-চিন্তায় গড়ে তোলে জাতিসংঘ
আর পাদ মেরে অযুছোটা অজুহাতে ভেঙে দেয় ইবাদত

সব ফেলে হৃদয়ের কাছে মাথা নত করে দেখি
সবাই আদুরে শিশু
আর মায়ের শরীর নির্ভেজাল স্বর্গ, সন্তানের।

হৃদয়ের কাছে মাথা নত করা মানেই মায়ের কোলে ওঠা...