তুরস্ক থেকে নিজ কূটনীতিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১০-৩১ ১১:০১:১৩
image

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ইসরাইল ‘যুদ্ধাপরাধীর’ মতো আচরণ করছে,বলে মন্তব্য করেছেন । দেশটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছেন তিনি। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের এমন মন্তব্যের জেরে তুরস্ক থেকে নিজ কূটনীতিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ইস্তানবুলে ফিলিস্তিনিপন্থি এক বিক্ষোভ সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় শনিবার এরদোগান ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনেন। কূটনীতিকদের তুরস্ক থেকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়ে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী তার জবাব দেন।
এরদোগানের বক্তব্য শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরাইলি কূটনীতিকদের দেশে ফিরে আসার নির্দেশ দেন। কোহেন জানান, তুরস্কের গুরুতর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তেল-আবিব-আঙ্কারার মধ্যে সম্পর্কের পুনর্মূল্যায়ন করতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, ‘বিশ্বে ইসরাইলের সেনাবাহিনীই সবচেয়ে বেশি নীতিবান।’
গত ৭ অক্টোবর হামাসের কয়েক ঘণ্টার হামলায় ইসরাইলে ১৪শর বেশি মানুষ নিহত হয়। এ ছাড়া হামাস দেশটি থেকে আরও ২২৯ জনকে জিম্মি করে নিয়ে যায়। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হামাস এখন পর্যন্ত চারজন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে। এদিকে ওইদিন থেকে গাজার ওপর ইসরাইলের হামলায় রোববার পর্যন্ত ৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।