তা বা স সু ম না জ

  • ঝরা বকুলের কান্না
  • ২০২৩-১০-৩০ ২৩:৪২:২৬
image


হোস্টেলের কমনরুমে সবাই মিলে টিভি দেখছি, পুট করে ইলেক্ট্রিসিটি চলে গিয়ে অন্ধকারে ঢেকে দিল সবাইকে। জম্পেশ একটা নাটক তখন চলছিল। আমাদের যে বয়স, তাতে প্রেমের নাটক মনের মধ্যে অন্যরকম এক আবেশ তৈরী করে। মোক্ষম সময়ে সে আবেশে বাধা পড়তে ২০/২৫ জন মেয়ের মুখ দিয়ে যে গালাগালের তুবড়ি ছুটল, শুনলে নায়কের প্রেম করার সাধ আপনা থেকেই মরে যেত।
কী আর করা। দু চারজনের রুম কাছাকাছি ছিল, তারা চার্জার লাইট নিয়ে আসতে না আসতে কড়াৎ করে বাজ পড়তে আরম্ভ করল। উপকূলে নিম্নচাপ হচ্ছে, ১০ নম্বর বিপদ সংকেত দিয়েছে। তার রেশ এখানেও ঝাপ্টা দিবে ধারণা করা হচ্ছে। 
কিছুক্ষণের মধ্যে আরম্ভ হল তুমুল বৃষ্টি। চার্জারের আলো পুরানো ধাঁচের লম্বা কমন রুম কভার হয় না, যারজন্য একটা গা ছমছমে আলো আধারি পরিবেশ তৈরী হল। বাইরে তুমুল বৃষ্টি পড়ছে, সাথে শোঁ শোঁ বাতাস। বাতাসে গাছের ডাল জানালার শার্শিতে ঝাপ্টা মারছে।
সবমিলিয়ে বেশ একটা ভূতুড়ে পরিবেশ। আমরা কেউই নিজের রুমে ফিরে যেতে উৎসাহবোধ করছি না। এ গল্প, সে গল্প শেষে শুরু হল ভূতের গল্প। কে কবে কোথায় ভূত দেখেছে, সেনিয়ে সবকয়টা মেয়ের মধ্যে চলল গল্প বলার তুমুল প্রতিযোগিতা।
জমে উঠতে দেরী হল না। কিছু গল্প শুনে সত্যি গা শিরশির করে উঠল, কিছু আবার এতটাই হাস্যকর যে হো হো হাসির রোল পড়ে গেল। বোঝাই যায় অন্যের গল্প শুনে সেও “হিংসিত” হয়ে বানিয়ে কিছু একটা ফেঁদে বসেছে। কিন্তু তাড়াহুড়াতে ঠিকমতো সেট করতে পারেনি। ফলাফল দাঁড়াল এই যে বাকিরা সেটার মধ্যে “প্লটহোল” খুঁজে পেয়ে যারপরনাই লজ্জা দিতে কার্পন্য করল না। আর যে গল্প বানিয়ে বলছে, সে “চোরের মা’র বড়ো গলা” নীতিতে তারস্বরে গলা ফাটিয়ে নিজের গল্পের আকাট্য প্রমাণ দিতে গিয়ে অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে।
সবমিলিয়ে জমজমাট আড্ডা চলছে। নিরুদি এরমাঝে এক কোণায় চুপ করে বসে ছিল। নিরুদি আমাদের হোস্টেলের সুপার বা গার্জিয়ান জাতীয় পদে বহাল রয়েছে। হোস্টেল সংলগ্ন ছোট্ট দুইরুমের কোয়ার্টারে থাকে। বিয়ে হয়নি। মানুষটা অন্যসব সুপারের মতো খাটাশ না, নরম সরম। মাঝেমাঝে কড়া হবার ভাব ধরে কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারে না।
এই যে আমরা এতক্ষণ ধরে তুমুল চিৎকার করছি, একবারও বলল না
--- মেয়েরা, অনেক রাত হয়েছে, নিজের নিজের ঘরে চলে যাও। আমি রুম তালা দিয়ে শুতে চলে যাব।
আমরা সেজন্য নিরুদি’র ওপরে কম অত্যাচার করিনা, গোপনে গোপনে ভালোবাসিও। কেউ বাড়ি থেকে ছুটি কাটিয়ে নিরুদির জন্য কিছু হাতে না নিয়ে ফেরে না। একটু আচার, দুটো গাছপাকা কদবেল, এক প্যাকেট ঘরে বানানো বড়ি। সেসব সামান্য জিনিস পেয়ে নিরুদির মুখটা যেন এক স্বর্গীয় আনন্দে ভরে ওঠে।
সবাই ঝুলি থেকে সত্য মিথ্যা হরেক রকমের গল্প বলার পর আমরা নিরুদি কে নিয়ে পড়লাম
--- নিরুদি, আপনি কখনো ভূত দেখেননি?
মাথা নাড়ল নিরুদি। দুর্বল গলায় বলল
--- নাহ।
বলার ধরণে কেমন সন্দেহ হল। নিরুদি নিপাট ভালোমানুষ। এসব ভালোমানুষেরা বানিয়ে বানিয়ে কিছু বলতে পারে না। আর যায় কোথায়, আমরা একেবারে পেয়ে বসলাম।
--- নিরুদি, নিশ্চয় জানেন। প্লিজ প্লিজ, শুনতে চাই আমরা।
নিরুদি আরও কয়েকবার দুর্বলভাবে না না করার পর আমাদের যন্ত্রণায় আরম্ভ করতে বাধ্য হল। আমরাও নড়েচড়ে বসলাম। নিশ্চয় কিছু বানিয়ে বলবে নিরুদি। আর সেটার লুপহোলগুলি খুঁজে বের করে নিরুদিকে আজ নাস্তানাবুদ করে দিতে পারব আমরা। ভাবতেই মনের মধ্যে আনন্দের ঝিলিক মেরে গেল। বাইরের বাজের মতোই।
--- আমি কখনো দেখিনি, কিন্তু একসময়ে শুনেছি এ হোস্টেলে ভূত দেখা দিয়েছিল।
আমরা হাসি চেপে চোখাচখি করলাম। আমরা হোস্টেলে থাকি, ভূত দূরে থাক, একটা ছায়াও কোনোদিন দেখলাম না। এখন নিরুদি এসেছে গুল মারতে।
--- কী করে ভূতটা, নিরুদি?
--- বাদ দাও, শোনা কথা।
--- না না, বাদ দিতে হবে কেন? শোনা কথাই শুনব আমরা!
--- আসলে এ হোস্টেলে একটা ঘটনা ঘটেছিল। তারপর থেকে এমন গুজব কেউকেউ ছড়িয়ে থাকতে পারে। আমি তখন এ হোস্টেলের ছাত্রী ছিলাম, ও আমার ফ্রেন্ড ছিল।
নিরুদি যে এ হোস্টেলে ছাত্রী অবস্থায় থাকত, জানা ছিল না। কিন্তু সেনিয়ে আমাদের আগ্রহের চাইতে তার বন্ধু নিয়ে কৌতূহলী হলাম বেশি।
একটু দোনোমোনো করে বলেই ফেললেন নিরুদি
--- আচ্ছা, পুরাটা তোমাদের খুলে বলি। মনে রাখবে, ভূতের ঘটনা কিন্তু স্রেফ গুজব। কিন্তু একটা ঘটনা ঘটেছিল, এটা সত্যি।
--- উফ, নিরুদি, আর সাস্পেন্সে রেখো না আমাদের। পেট ফেটে মরেই যাব।
--- ওর নাম ছিল অরণি। মানে চকমকি পাথর, ভারী সুন্দর ছিল সে। আমি মুখচোরা, লাজুক আর অরণি ছিল ঠিক তার উল্টা। তবু আমাদের বন্ধুত্ব হল। অবশ্য আমাদের সিট আলাদা রুমে পড়েছিল কিন্তু একসাথে পড়াশুনা করতাম, ডাইনিং এ খেতে যেতাম।
--- তারপর?
--- কিছুদিনের মধ্যে অরণিকে প্রপোজ করল ক্লাসের সবচাইতে সুন্দর ছেলেটা, রাফি। তার পরপর দুজনের এমন তুমুল প্রেম আরম্ভ হল যে অরণির সাথে আমার একটা দূরত্ব তৈরী হয়ে গেল। ওর সময় ছিল না আমাকে দেবার মতো। সবসময় ওরা দুজনে একসাথে একসাথে। মাঝেমাঝে অরণি রাফি’র হোস্টেল রুমেও গিয়ে একবেলা কাটিয়ে আসত। ওরা এমনভাবে চলাফেরা করত যে দেখে আমাদের কিছুটা অস্বস্তি হত। দুজনের নামে গুঞ্জনও উঠেছিল অনেক। এসব দেখে আমার মনে যে অভিমান জমেনি, একথা বুকে হাত দিয়ে বলতে পারব না আমি।
আমি দুই একবার ওকে সাবধান করে দিয়েছিলাম কিন্তু দেখলাম কথাটা কোনোবারই ওর পছন্দ হচ্ছে না। দেখে আমিও রাগ করে প্রসঙ্গটা আর তুললাম না। বরং বলা চলে নিজেকে একটু সরিয়েই নিলাম ওর কাছ থেকে। ওর দিক থেকেও তেমন হিলদোল দেখলাম না। আসলে ও রাফিকে নিয়ে এমনি বুঁদ হয়ে গেছিল যে আর কেউ নজরেই পড়ছিল না ওর।
একবার পরীক্ষা শেষে ছুটিতে হোস্টেল বলতে গেলে খালি হয়ে গেল, আমিও বাড়ি চলে গেলাম। অরণি ইচ্ছা করে দুইদিন দেরী করে যাবে বলে ঠিক করল। মনেমনে বুঝলাম রাফির জন্য এমন সিদ্ধান্ত সে নিয়েছে।
ছুটি কাটিয়ে সপ্তাহ দুয়েক পরে ফিরে এসে দেখি হোস্টেলে কেমন একটা থমথমে পরিবেশ। সবাই কেমন ভয়েভয়ে রয়েছে। জিজ্ঞেস করে জানলাম অরণির ঘটনা। ও রাফির সাথে প্রেম করবার জন্য বাড়ি যাওয়া পিছিয়ে দেয়নি। কোন হাতুড়ে ডাক্তারের কাছে গেছিল এবর্শান করতে। ফলাফল ভালো হয়নি। ফিরে এসে দরজা লাগিয়ে পড়েপড়ে ঘুমাতো শুধু। অন্তত সবাই তাই ধারণা করেছিল যে ঘুমাচ্ছে। এরমধ্যে সব মেয়ে চলে গেছে, খালারাও মওকা পেয়ে ওদিকটায় ঝাঁট দেয়া বন্ধ রেখেছিল। তারপর ওর তিনদিনের লাশ দরজা ভেঙে উদ্ধার করা হয়েছিল।
রুদ্ধশ্বাসে শুনছিলাম সব।
--- আর রাফি? সে তো জানে অরণি হোস্টেলে রয়েছে। খোঁজ নিতে আসেনি একবারও?
--- রাফি অরণিকে হোস্টেলে পৌঁছে দিয়েই গা ঢাকা দিয়েছিল। অরণিকে নাকি বুঝিয়েছিল এতে স্ক্যান্ডাল কম হবে।
--- শালা! পুরুষমানুষ একটা খচ্চরের জাত।
একটু আগের প্রেমের নাটকের কথা বেমালুম ভুলে গিয়ে আমরা গোটা পুরুষ জাতিকে শূলে চড়াতে দ্বিধা করলাম না।
--- কিন্তু ভূতের কথাটা বললে না?
--- ওটা গুজব। সবাই এত ভয় পেয়েছিল যে দড়িকে সাপ ভেবে নিচ্ছিল। করিডোরে, অন্ধকার কোণায়, যেকোনো জায়গায় অরণিকে দেখতে পেয়ে চেঁচিয়ে উঠছিল। মাস হিস্টেরিয়া। কিছুদিন যেতে থেমে গেল। একসময়ে অরণির কথা সব ভুলে গেল। আমিও। আজ এতদিন পরে মনে পড়ল ওর কথা।
--- আপনি দেখেছিলেন অরণিকে, নিরুদি?
--- নাহ, আমি কোনোদিন দেখিনি।
উঠে পড়ল নিরুদি।
--- যাও এবারে, অনেক রাত হয়েছে। আজ রাতে আর লাইট আসবে না মনে হচ্ছে। সবাই যারযার রুমে গিয়ে শুয়ে পড় গে।
নিজেদের মধ্যে কথা বলতে বলতে আমরা সিঁড়ি দিয়ে উঠতে থাকলাম। অরণির কথায় মনটা সবারি ভারী হয়ে গেছে। কেন যে মেয়েরা এ ভুলটা করে?
আমার রুম চারতলায়। করিডোরের একদম শেষে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে লাইট চলে এল কিন্তু লো ভোল্টেজে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি এগিয়ে যেতে লাগলাম। সাথে আমার রুমমেট নিশা। দরজার সামনে পৌঁছুতে নিশা চাবি বের করে রুমের তালা খুলতে থাকল, আমি দরজা খোলার অপেক্ষায় রইলাম।
আমাদের রুম ছেড়ে খানিক এগিয়ে গেলে বাথরুম। কী মনে হতে তাকিয়ে দেখি একটা মেয়ে। চেনা না। মনে হচ্ছে কিছু খুঁজছে। এত রাতে এ মেয়ে এখানে কী করছে?
অবাক হয়ে প্রশ্ন করলাম
--- কিছু খুঁজছ নাকি?
--- হুম, আমার রুম।
--- তোমার রুম? কত নাম্বার রুম তোমার?
--- ৪১১।
সিঁড়ি দিয়ে উঠে প্রথম রুমটাই ৪১১। কিন্তু সে রুমে রুমা আর মিতা থাকে। ওরা একটু আগে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। এতক্ষণে শুয়েও পড়েছে হয়ত।
--- তুমি শিওর যে তোমার রুম ৪১১? তুমি ফার্স্ট ইয়ার নাকি? তাহলে তোমার রুম একতলায় হবার কথা। তুমি ভুল করছ বোধহয়।
--- না আমি ভুল করছি না। আমার রুম ৪১১।
মেয়েটা খুব সুন্দর কিন্তু মুখটা কেমন বিষাদ মাখা। বোকার মতো আমি আঙুল তুলে ৪১১ নাম্বার রুম দেখিয়ে দিলাম। নিশা ততক্ষণে দরজা খুলে দিয়ে কথা শুনছিল। এখন বলল
--- তোমার নাম কী?
জবাব দিল না মেয়েটি। হেঁটে গিয়ে ৪১১ রুমের সামনে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল। তারপর দরজা ভেদ করে ঢুকে পড়ল।
আমরা দুজনে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকলাম। নিশা অনেক সাহসী। ও দৌড়ে যেতে লাগল, ৪১১ এর দরজায় বাড়ি দিতে দিতে চিৎকার করে ডাকতে থাকল
--- রুমা! মিতা! জলদি দরজা খোল! খোল বলছি!
আমিও সমানে চেচাচ্ছি। আমাদের দুজনের চিৎকারে রুমা আর মিতা তো বটেই, বাকি রুম থেকেও মেয়েরা বেরিয়ে আসতে থাকল
--- কী হয়েছে? কী হয়েছে?
বললাম কী হয়েছে। ৪১১ রুম তন্নতন্ন করে খুঁজেও কিছু পাওয়া গেল না। ততক্ষণে সবার মধ্যে ভয় ছড়িয়ে গেছে। জড়সড় হয়ে নীচে নেমে এলাম আমরা। নিরুদির কাছে। নিরুদিও শুয়ে পড়েছিল। দরজা খুলে অবাক হয়ে বলল
--- মেয়েরা, কী হয়েছে?
বললাম। শুনে নিরুদির মুখ শুকিয়ে গেল। আমতা আমতা করে বলল
--- এতক্ষণ ভূতের গল্প চলছিল বলে হয়ত চোখের ভুল ছিল।
আমি তীব্র প্রতিবাদ করলাম। কোনোমতেই সেটা চোখের ভুল ছিল না। আমার প্রতিবাদে নিশা যোগ দিল না। আস্তে করে প্রশ্ন করল
--- অরণির রুম নাম্বার কত ছিল, নিরুদি?
নিরুদি একটু চুপ থাকল। তারপর বলল
--- ৪১১!
কাঁদতে আরম্ভ করল নিরুদি। 
— ওর নাম অরণি ছিল না। ওর নাম বকুল। আমি আমার বন্ধুকে বাঁচাতে পারিনি। অভিমান করে দূরে সরে গেছিলাম। প্রতি বৃষ্টির রাতে ও আমাকে দেখা দেয়, অসহায়ের মতো কাঁদে। আমি বুঝতে পারিনা কী করলে ওকে শান্ত করতে পারব। মেয়েটা যে বড়ো অসহায়, বড়ো অবহেলিত অবস্থায় মারা গেল। খুব কষ্ট হয় ওকে দেখলে।
আমরা ঐ ঘরেই গাদাগাদি করে বাকি রাত কাটিয়ে দিলাম। পরদিন সকালে দরজা খুলতে দেখি সামনের জমিতে এক রাশ ভেজা বকুল ফুল পড়ে রয়েছে। অথচ সারা কম্পাউন্ডে কোনো বকুল গাছ নাই, এমনকি যেখানে ফুলগুলি পড়ে রয়েছে সেখানে কোনো গাছও নাই।