মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইসরাইল-হামাস সংঘর্ষের মধ্যে মার্কিন সেনাদের ওপর হামলার বিরুদ্ধে সতর্ক করে একটি বার্তা পাঠিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউস এই কথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বাইডেনকে উদ্ধৃত করে সাংবাদিকদের বলেন, ‘সরাসরি একটি বার্তা সম্প্রচার করা হয়েছে। যতদূর যেতে যাচ্ছি, আমি ততদূর যাবো।’ তবে কীভাবে এই বার্তা দেয়া হয়েছে, তা বলতে অস্বীকার করেছেন কিরবি।
পেন্টাগন বলেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সাথে সাথে ইরাক ও সিরিয়ায় মার্কিন ও মিত্র বাহিনীর ওপর এই মাসে কমপক্ষে ১৬ বার হামলা হয়েছে। এজন্য ‘ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী’কে দায়ী করা হয়েছে।
এদিকে, হামাসের হামলার পর গাজার বিরুদ্ধে ইসরাইলের বিমান ও কামান হামলার বিষয়ে ইরান জাতিসংঘের সাধারণ পরিষদে ওয়াশিংটনকে সতর্ক করেছে।
পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ‘আমি অকপটে আমেরিকান রাষ্ট্রনায়কদের এবং সামরিক বাহিনীকে বলছি যারা এখন ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, আমি তাদের সতর্ক করছি। আমরা এই অঞ্চলে যুদ্ধের সম্প্রসারণ ও পরিধিকে স্বাগত জানাই না। তবে আমি সতর্ক করে দিচ্ছি যদি গাজায় গণহত্যা চলতেই থাকে, তারাও এই আগুন থেকে রেহাই পাবে না।’