রাত দুটোর সময় ঘুম ভেঙে গেলে বুঝতে হয় আর ঘুম আসবে না। বিমানে থাকা বিশাল সময়টা রাত দিনের পার্থক্য এদিক ওদিক করে দিয়েছে।
তখন হঠাৎ মনে হয়, একটা সম্পাদকীয় লিখে ফেলি। পাশের ঘরে বাচ্চারা ঘুমাচ্ছে, এই ঘরে আলো জ্বাললে অসুবিধে নেই কোন। রংপুরের মিঠাপুকুর এলাকা আর ঢাকার শিল্পমন্ত্রী মিলে একটা অভিন্ন ঘটনার জন্ম দিয়েছেন, তা নিয়েই লিখলাম সম্পাদকীয়টা।
এরপর মনে হলো, টাউন হল বাজার থেকে কেনা পিড়ি আর বেলনটার সদ্ব্যবহার করা উচিত। হোলগ্রেইন আটা ছিল। একটু লবণ ঠান্ডা পানি আর তেল দিয়ে তৈরি করলাম ডো। মিনিট ১৫ পর একটা পরোটা বানালাম। পরোটা বানাতে গিয়ে দেখি রুটিটা গোল হচ্ছে এবং পরোটাটা চারকোনা হচ্ছে, ঠিক সেই আগেকার মতোই।
একবার মনে হলো, রান্নাবান্নাই হতে পারতো আমার পেশা। অকারনে এই লেখালেখি নিয়ে জীবনটা শেষ করলাম। রান্নাবান্না করলে কিছু ফিউশনের সঙ্গে আমার নাম যুক্ত হতে পারতো।
আমার মেয়ে ফ্রিজের কোথায় ঘি রেখেছে সেটা অনুমান করে ঠিকই খুঁজে পেলাম। এরপর ছবি তোলার বদমাইশি মাথায় ঢোকায় পরোটা কিছুটা পুড়িয়ে ফেললাম। তাতে অবশ্য স্বাদের খুব একটা হেরফের হলো না।
পলি ভাবি আলুর একটা তরকারি পাঠিয়েছিলেন। সেটা দিয়েই রাত সাড়ে তিনটায় খেলাম। তারপরই মনে হলো, এবার এক কাপ দুধ চা ছাড়া জীবনই বৃথা।
তৈরি হলো দুধ চা। বহু আগে থেকে থাকা টোস্ট বিস্কিট সহযোগে চা খাচ্ছি এখন।
নিউ ইয়র্কে থাকবো কয়েকদিন।