ফের কানাডিয়দের ভিসা দেয়া শুরু করেছে ভারত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১০-২৬ ২৩:৪০:১৬
image

ফের কানাডিয়দের ভিসা দেয়া শুরু করেছে ভারত। অটোয়ার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে ভিসা সেবা চালু করা হয়েছে। আজ থেকেই কানাডীয়দের প্রবেশ ভিসা, বিজনেস, মেডিকেল ও কনফারেন্স ভিসা দেবে ভারত। 
এক বিবৃতিতে অটোয়ার ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা তাদের মিশনের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার পরে এবং কানাডিয়ান ‘সাম্প্রতিক কিছু পদক্ষেপের’ আলোকে কয়েকটি ক্যাটাগরির ভিসা ইস্যু করেছে। অবশ্য কানাডা ঠিক কী পদক্ষেপ নিয়েছে সেটি উল্লেখ করা হয়নি। পরিস্থিতির ক্রমাগত মূল্যায়নের ওপর ভিত্তি করে উপযুক্ত সময়ে আরও সিদ্ধান্ত জানানো হবে।
গত মাসে কানাডা ও ভারতের চরম কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে কানাডীয়দের ভিসা সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিলো নয়াদিল্লি। এর কারণ হিসেবে সেই সময় দূতাবাসের নিরাপত্তা হুমকির কথা বলেছিল ভারত। 
কানাডায় খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারত সরকার জড়িত, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এমন অভিযোগের করার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক বিরোধ দেখা দেয়। যদিও, নয়াদিল্লি এই অভিযোগকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছিল।