শি উ লী সি রা জ

  • মায়ার মাশুল
  • ২০২৩-১০-২৬ ২২:৫০:২২
image

কিছু কিছু ভুল মায়ার মাশুল 
সাধ করে যাই বেদনা বাড়ি
ছায়ার আগল নগ্ন হাওয়া
পরম তিয়াসে কড়া নাড়ি
ঘুম ভেঙে যায় দুঃখ দেবীর।

কিছু কিছু মুখ বেপথু সুখ
ঘোর লেগে যায় চেয়ে চেয়ে
বুকের মাঝে " নাই নাই" সুর
বাজতে বাজতে থেমে গিয়ে
রঙ কেড়ে নেয় জলচ্ছবির।

কিছু কিছু রাত তারার সাথে
ফুলের সাথেও কিছুটা সময়
গল্পকথার ফাঁদে আটকায়
নির্ঘুম চোখ নষ্ট প্রণয়।

কিছু কিছু পাপ সঙ্গোপনে
চাঁদের সাথেও আড়াল রাখি
জল জঙ্গলে পাতার ফাঁকে 
ভিন্ন পরাগ অঙ্গে মাখি।