আ বু জা ফ র বি শ্বা স

  • শারদীয় দুর্গোৎসব
  • ২০২৩-১০-২৪ ০০:১৭:৩৩
image

দেবী দুর্গার করবে বরণ শাঁখ ও ঢাকের তালে,
পূজার খুশির রং ছড়াবে শিউলি ফুলের ডালে।
নাচে গানে পূজায়োজনে আনন্দোচ্ছল মন,
শুভ্র দিগন্ত প্রকৃতি শান্ত দোলে কাশের বন। 

পূজা মণ্ডপে মহা আনন্দে পূজা দিবে যারা;
আরতি আর ঢাকের তালে হবে মাতোয়ারা।
প্রদীপ জ্বালো ছড়াও আলো মধুর এ সন্ধিক্ষণ,
পূজার আনন্দে বিভোর হয়ে নাচুক সবার মন। 

কৈলাশ থেকে দেবীর যাত্রা নামবে ধরাধামে,
মহামায়ার স্বাগতম জানায় আজ মহা উদ্দামে।
লক্ষি,সরস্বতী, কার্ত্তিক, গণেশ সবাইকে সাজিয়ে;
পিতৃকূল তাঁকে বরণ করে উলু-শঙ্খ বাজিয়ে। 

শান্তি প্রতিষ্ঠার জন্য দেবীর এই অকাল বোধন,
বসুন্ধরাতে আসবে দুর্গা করতে অসুর নিধন। 
পঞ্চমীতে সংযম থাকে, ষষ্ঠীতে দেবীর আমন্ত্রণ, 
সপ্তমিতে পুষ্পাঞ্জলি নানা উপাচারে তাঁর পূজন। 

অষ্টমীতে চন্ডিপাঠ, কুমারী পূজা করবে সবে বরণ, 
নবমীতে প্রদীপ জ্বেলে পূজা আরতি প্রসাদ বিতরণ।
দশমীতে বিদায় বেলা সিঁদুরখেলা দেবী বিসর্জন,
ধরাধাম থেকে যাবারকালে ভক্তের অশ্রু নির্গমন।