কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে এখন পর্যন্ত মারা গেছেন ২৩ জন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১০-২৩ ১৯:৩৭:৩৮
image
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে এখন পর্যন্ত মারা গেছেন ২৩ জন। আহত হয়েছেন অন্তত অর্ধশত যাত্রী। বিকেলে একটি পণ্যবাহী ট্রেন যাত্রীবাহী এগারসিন্ধু এক্সপ্রেসকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এগারো সিন্ধু এক্সপ্রেস ভৈরব রেলওয়ে জংশনে থেমে আবারও ছাড়ার পরপরই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এসময় যাত্রীবাহী ট্রেনের তিনটি বগি দুমড়ে মুচড়ে যায়। বগির ভেতরে ও নিচে চাপা পড়েন অনেক যাত্রী। উপস্থিত জনতা তাৎক্ষনিক উদ্ধারকাজ শুরু করে। দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরাও তাদের সাথে যোগ দেয়। সিগন্যাল অমান্য করাকেই দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে দায়ী করছে পূর্বাঞ্চল রেলওয়ে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান কিশোরগঞ্জ জেলা পুলিশ। এদিকে দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত রেললাইন স্বাভাবিক রাখার জন্য ঢাকা থেকে রিলিফ ট্রেন যাচ্ছে দুর্ঘটনাস্থলে।