ঢাকায় আগামী ২৮শে অক্টোবর মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। সেখান থেকেই দলটি সরকার পতনের নতুন কর্মসূচি দেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার রাজধানীর নয়াপল্টনে জনসমাবেশ থেকে তিনি জানান, সরকারের সময় শেষ। আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে রাজপথে জীবন বাজি রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির নীতিনির্ধারক নেতারা।
ঢাকার নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার জনসমাবেশ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিএনপি। এই সমাবেশে নির্ধারিত সময়ের আগেই বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়। ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত দুই সড়ক নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে যায়। বন্ধ হয়ে যায় যান চলাচল। স্লোগানে স্লোগানে মুখর ছিল নেতাকর্মীরা।
কেন্দ্রীয় নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দুর্নীতি-লুটপাট, অর্থপাচারে দেশের অর্থনীতি খাদের কিনারে গেছে। তারা আবারও ক্ষমতা ধরে রাখার পরিকল্পনা বাস্তবায়ন করছে বলেও দাবি করেন তারা।
জনসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই বিভিন্ন অপকৌশলের আশ্রয় নেয়া শুরু করেছে।
বিএনপি মহাসচিব বলেন, গ্রেফতার ও সাজা দিয়ে সরকার পুরনো খেলা খেলে নির্বাচনের মাঠ পরিস্কার করতে চায়। এবার সে স্বপ্ন পূরণ হবে না। একদফার দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল।
সকল বাধাবিপত্তি মোকাবেলা করেই নেতাকর্মীদের চূড়ান্ত আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানানো হয় জনসমাবেশ থেকে।