হাসপাতালগুলোর মর্গে লাশ রাখার জায়গা নেই

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১০-১৬ ০৮:০৭:২০
image

ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। জবাবে গাজায় সেদিনই বোমা হামলা শুরু করে ইসরায়েল। হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ বলছে, বোমার আঘাতে গাজায় ১ হাজার ৩০০টির বেশি ভবন ধ্বংস হয়েছে। অপর দিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়েছে ১ হাজার ৩০০ জন।
এদিকে গাজায় টানা ৯ দিন ধরে চলছে ইসরায়েলের নির্বিচার বিমান হামলা। এতে বিধ্বস্ত হয়েছে উপত্যকাটি। নিহত হয় হাজার হাজার ফিলিস্তিনি। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, হাসপাতালগুলোর মর্গে লাশ রাখার জায়গা নেই। ফলে বাধ্য হয়ে আইসক্রিমের ফ্রিজারে লাশ রাখতে দেখা গেছে।
আল-জাজিরা প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে এমন চিত্র। তাতে দেখা যায়, আইসক্রিমের একটি ফ্রিজারের সামনে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। তিনি জানান, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার আল-আকসা মার্টার্স হাসপাতাল থেকে কথা বলছেন তিনি। 
ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা এত বেশি যে হাসপাতালটির ছোট মর্গে লাশ রাখার জায়গা নেই। তাই বিভিন্ন কারখানা থেকে খাবার ও আইসক্রিমের ফ্রিজার এনে তাতে মরদেহ রাখা হচ্ছে।
একপর্যায়ে একটি ফ্রিজারের দরজা খোলেন ওই ব্যক্তি। দেখা যায়, ভেতরে ঠাসাঠাসি করে ব্যাগে ভরা মরদেহ রাখা আছে। ওই ব্যক্তি বলেন, পরিস্থিতি দুর্বিষহ। হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থা ধসে পড়েছে। মর্গ, লাশ সংরক্ষণ ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার অবস্থা খুবই নাজুক। হাসপাতালটিতে জরুরিভাবে সহায়তা প্রয়োজন।