রাজধানীর কাওলায় সিভিল এভিয়েশন মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়, বর্তমান সরকারই তার প্রমাণ। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটি দেশ ও মানুষের শুধু ক্ষতিই করতে পারে। দলে নেতৃত্বের অভাব রয়েছে বলেই বিএনপি নির্বাচন বানচালের অপচেষ্টা করছে।বিএনপি-জামাতের ষড়যন্ত্র এখনও চলছে বলে সতর্ক করেন তিনি। দেশের অগ্রযাত্রা ধরে রাখতে আবারও নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধনকে উপলক্ষ্য করে শনিবার কাওলার সিভিল এভিয়েশন মাঠে এ জনসভার আয়োজন করে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা দলের নেতাকর্মীদের ভীড়ে পূর্ণ হয়ে ওঠে সভাস্থল। বিকেলে সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই মানুষের ভাগ্য পরিবর্তন হয়। কারণ তাঁর দল গণমানুষের জন্য রাজনীতি করে। বিএনপি নিজেদের উন্নয়ন করলেও দেশের উন্নয়নে তাদের অবদান নেই। ৯৬ সালে ভোট চুরি করে দলটি ক্ষমতায় এলেও জনগন তাদের প্রত্যাখ্যান করেছে।
শেখ হাসিনা বলেন, উন্নয়নের পথে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে, বাধা আসছে। তবুও সব প্রতিহত করেই দেশকে এগিয়ে নিচ্ছে সরকার। আরও অনেক উন্নয়ন জনগনের জন্য অপেক্ষা করছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপিতে রাষ্ট্র পরিচালনার মতো নেতৃত্বের অভাব। তাই নির্বাচনে যাওয়া নিয়ে দ্বিধায় ভুগছে দলটি। অপচেষ্টা করছে নির্বাচন বানচালের।
আবারও নৌকায় ভোট দিয়ে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।