ফিস্ ফিস্ কথার অস্পষ্ট মাদকতা
কোনো অপার্থিব আড়াল ছেড়ে বেরিয়ে আসে
অলৌকিক শক্তি সঞ্চারিত
হৃদয়-অন্দরে তখন তুমুল আলোড়ন,
সব টুকরো সংশয় আলোছায়ায়
মিশ্র আবেগের হাতে সঁপে দিয়ে,
প্রণত দৃষ্টির সীমানায় ছবি আঁকে অথবা
গণ্ডির সীমানা পেরিয়ে এসে নির্দ্বিধায়
প্রশান্তির দ্বারে কড়া নাড়ে,
তখন দিন তার সব অপেক্ষা জমা রাখে
রাতের প্রহরে।
অবিশ্রান্ত বাক্যের স্রোত আছড়ে পড়ে
জোয়ারের নোনা জল চোখ ছুঁয়ে ভাটার টানে
ভাসিয়ে নেয় মৃত স্বপ্ন।
সবুজ শ্যাওলায় তখন অঙ্কুরিত স্বপ্নের ভীড়
ইথারে অপ্রাপ্ত কথার ঘূর্ণি প্রলম্বিত লয়
শুধু অপেক্ষা আহ্বানের।