পদ্মায় খুলছে রেলসেতু
- সকালের আলো প্রতিবেদক
-
২০২৩-১০-১০ ০৮:৩৫:৩০
জাতি আরও একটি স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে। পদ্মায় খুলছে রেলসেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা ৮২ কিলোমিটার নতুন রেল রুট উদ্বোধন করবেন। ওপরে সড়কপথ, নিচে রেলপথ-দ্বিতলবিশিষ্ট পদ্মা সেতু তৈরি করবে আরেক ইতিহাস। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণে গত বছরের ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই স্বপ্নের পদ্মা সেতু দিয়ে বাকি ছিল রেল যোগাযোগ। অবশেষে দক্ষিণাঞ্চলের মানুষের সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে।
প্রধানমন্ত্রী আজ সকাল ১০টায় গণভবন থেকে সড়কপথে মুন্সীগঞ্জের মাওয়া রেলওয়ে স্টেশনের উদ্দেশে যাত্রা করবেন। বেলা ১১টায় পদ্মা রেল সংযোগ প্রকল্পের মুন্সীগঞ্জের মাওয়া রেল স্টেশনে ফলক উন্মোচনের মাধ্যমে ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন করবেন এবং সেখানে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। দুপুর পৌনে ১টায় মাওয়া থেকে ফরিদপুর জেলার ভাঙ্গা রেলওয়ে স্টেশনের উদ্দেশে ট্রেনে যাত্রা করবেন। দুপুর ২টায় ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
পদ্মা রেল সেতু উদ্বোধন উপলক্ষে ভাঙ্গায় কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এই জনসভার আয়োজন করা হয়েছে। বিকাল ৪টায় ভাঙ্গা থেকে গোপালগঞ্জের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বিকাল সাড়ে ৫টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশগ্রহণ করবেন। পরে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত যাপন করবেন প্রধানমন্ত্রী। আগামীকাল বুধবার দুপুর ১২টায় টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে সড়কপথে যাত্রা করবেন। দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অধীনে চীন থেকে ১০০ নতুন কোচও কেনা হয়েছে। নতুন কোচ দিয়েই পদ্মাকেন্দ্রিক ট্রেনগুলো পরিচালনা করা হবে। পদ্মা রেল সংযোগ প্রকল্পে কমলাপুর (ঢাকা) থেকে যশোর পর্যন্ত ২০টি স্টেশন থাকবে, এর মধ্যে ১৪টি স্টেশনই নতুন। কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জের নিমতলা, শ্রীনগর ও মাওয়া স্টেশনের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায় রয়েছে। মাওয়া স্টেশনের পরে পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুরের জাজিরায় নির্মিত হচ্ছে ‘পদ্মা স্টেশন’। পদ্মা স্টেশনের পরে শরীয়তপুরে ‘শিবচর স্টেশন’।