মো শা হে দ চৌ ধু রী

  • তোমায় একটা আকাশ দিলাম
  • ২০২৩-১০-০৯ ০৭:২৯:৪৬
image

তোমায় একটা আকাশ দিলাম উড়িয়ে দাও পাখি 
উড়তে থাকুক হাজার বছর করুক ডাকাডাকি। 
তোমায় একটা পাহাড় দিলাম সবুজে মনকাড়া 
তারই বুকে ঝরুক নাহয় ঝর্ণা স্রোতধারা।

তোমায় একটা সাগর দিলাম ঢেউয়ের পরে ঢেউ
ধুয়ে দেবে রাঙা দু'পা জানবেনা তা কেউ।
স্রোতবহা নদী দিলাম রাখবে সযতনে
শুনবে নদী আমারই গান গাইবে ক্ষণে ক্ষণে।
 
তোমায় দিলাম মেঘের কালো উদার হিমেল হাওয়া
মেঘবালারা সই হতে রোজ করবে আসা যাওয়া।
জোছনা মাখা রাত্রি দিলাম দেখবো চন্দ্র মুখ
আমার কাছে থাকুক নাহয় একলা সময়টুক।