বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচ বড় জয় দিয়েই শুরু করেছে পাকিস্তান
- সকালের আলো প্রতিবেদক
-
২০২৩-১০-০৬ ২১:৫৮:১৩
বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচ বড় জয় দিয়েই শুরু করেছে পাকিস্তান। ডাচদের বিপক্ষে বাবর আজমরা জয় পেয়েছে ৮১ রানের।পাকিস্তানের দেয়া ২৮৭ রানের জবাবে নেদারল্যান্ডস ২০৫ রানেই গুটিয়ে গেছে।
২৮৬ রান করে পাকিস্তান চাপেই পড়েছিল। তৃতীয় উইকেটে নেদারল্যান্ডস পাল্টা জবাব দিলে বাবর আজমদের ঘাম ছুটেছিল। শেষ পর্যন্ত ডাচদের সেই লড়াই থামিয়ে পাকিস্তান তাদের বিশ্বকাপ শুরু করলো জয় দিয়ে।
লক্ষ্যে নেমে বিক্রমজিৎ ও বাস ডি লিডের জুটি পাকিস্তানকে অস্বস্তিতে রেখেছিল। তাদের বিচ্ছিন্ন করতেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় পাকিস্তানের হাতে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস।
বিক্রমজিৎ ৬৭ বলে চারটি চার ও এক ছয়ে ৫২ রান করেন। ৬৮ বলে ইনিংস সেরা ৬৭ রান করেন ডি লিড।
৭০ রানের এই জুটি ভেঙে যাওয়ার পর নেদারল্যান্ডস তাদের শেষ ৮ উইকেট হারায় ৮৫ রানের ব্যবধানে। ২ উইকেটে ১২০ রান করা ডাচরা গুটিয়ে যায় ২০৫ রানে।
এরআগে, নেদারল্যান্ডসের দুর্দান্ত বোলিংয়ে বিষণ্নতা ছুঁয়ে গিয়েছিল পাকিস্তানি ক্রিকেট সমর্থকদের মনে। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই পাকিস্তানের মাথা ভেঙে যায়। দশম ওভারে তাদের স্কোর ৩ উইকেটে ৩৮। প্যাভিলিয়নে ফেরেন ফখর জামান, বাবর আজম ও ইমাম উল হক।
চতুর্থ ওভারে লোগান ফন বিক ফিরতি ক্যাচে ফেরান ফখরকে (১২)। আগ্রাসী বাবর এদিন ছিলেন খোলসের মধ্যে। ১৮ বল খেলে ৫ রান কের কলিন অ্যাকারম্যানের শিকার তিনি। ১৫ রান করে পল ফন মিকেরেনকে উইকেট দেন ইমাম।
এই ধাক্কা দারুণভাবে সামলে ওঠে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ও সৌদি শাকিলের শতাধিক রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। দুজনই করেছেন হাফ সেঞ্চুরি।
৩২ বলে ৭ চার ও ১ ছয়ে ৫০ রান করেন সৌদ। হাফ সেঞ্চুরি করতে একটু বেশি বল খেলেছেন রিজওয়ান, ৫৮ বলে ৬ চারের সাহায্যে।
দুজনের জুটি ১২০ রানে পৌঁছে ভেঙে যায়। আরিয়ান দত্তের বলে সৌদ ক্যাচ দেন সাকিব জুলফিকারকে। ৫২ বলে ৬৮ রান করেন তিনি।
সৌদের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি রিজওয়ানও। বাস ডি লিডের কাছে বোল্ড হন তিনি ৬৮ রান করে।
একই ওভারে ডি লিড ফেরান ইফতিখার আহমেদকে (৯)। ১৮৮ রানে ৬ উইকেট হারানো পাকিস্তান আবার প্রতিরোধ গড়ে মোহাম্মদ নওয়াজ ও শাদাব খানের জুটিতে। ৪৪তম ওভারে ডি লিড পরপর দুই ব্যাটারকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। শাদাবকে (৩২) বোল্ড করার পর নতুন ব্যাটার হাসান আলীকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ডি লিড। শাহীন শাহ আফ্রিদি ডিফেন্সিভ শটে তাকে আশাহত করেন।
৪৭তম ওভারে নওয়াজ (৩৯) রান আউট হন। শেষ দিকে আফ্রিদি ও হারিস রউফের ব্যাটে তিনশ রান সংগ্রহের আভাস দেয়। পারেননি তারা। ৪৯তম ওভারের শেষ বলে স্টাম্পিং হন হারিস (১৬)। ১৩ রানে অপরাজিত ছিলেন আফ্রিদি।৯ ওভারে ডি লিড ৬২ রান দিয়ে চার উইকেট নিয়ে সেরা ডাচ বোলার। দুটি উইকেট পান কলিন অ্যাকারম্যান।