ভোট চোরদের কাছে অবাধ সুষ্ঠু নির্বাচন শিখতে হবে না-প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১০-০৬ ২১:৪৭:৫৬
image
আজ শুক্রবার গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অতি মাতামাতি সন্দেহজনক। তাদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচন বানচাল করা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে আজ গণভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভোট চোরদের কাছে অবাধ সুষ্ঠু নির্বাচন শিখতে হবে না। আন্দোলনের নামে মানুষের ক্ষতি করলে জনগণই তাদের প্রতিহত করবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগদান এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়ার পর বুধবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিন পর এই সফরের বিস্তারিত জানাতে গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। শুরুতে লিখিত বক্তব্যে পুরো সফরের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী। পরে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। আগামী জাতীয় নির্বাচন, চলমান রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা, বিএনপির আন্দোলন, আসন্ন দুর্গা পূজার সময় নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশে নির্বাচন যারা কলঙ্কিত করেছে, অবৈধভাবে ক্ষমতায় এসেছে তাদের মুখে সুষ্ঠু নির্বাচনের কথা হাস্যকর। যারা বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে তাদের ভিন্ন উদ্দেশ্য আছে বলেও জানান প্রধানমন্ত্রী। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সাথে দেখা করেছেন। দুদেশের সম্পর্ক এবং আগামী নির্বঅচন নিয়েও আলোচনা হয়েছে। বিএনপির আন্দোলনে কোন বাধা দেয়া হচ্ছে না জানিয়ে শেখ হাসিনা বলেন, তারা যদি মানুষের জানমালের ক্ষতি করতে চায় তবে জনগণই প্রতিহত করবে। বিএনপির মিথ্যাচারে কান না দিতে দেশবাসীর প্রতি আহবান জানান তিনি। দুর্গাপূঁজার নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কেউ যাতে এই উৎসব ঘিরে নাশকতা করতে না পারে, সেজন্য গোয়েন্দারা সতর্ক আছে। বাংলাদেশে বিদেশী কারো নিরাপত্তার হুমকি নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা নিরাপত্তা দেয় তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আবার তাদের কাছেই নিরাপত্তা চাওয়া স্ববিরোধী।