হেনরী আমিন (রুহুল আমিন) ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র জগতের স্বনামধন্য লেখক

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-১১-২৮ ১১:৪২:১৬
image

শতাধিক বাংলা চলচ্চিত্রের  কাহিনীকার, চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা।
হেনরী আমিন। একজন সফল চলচ্চিত্র লেখক হিসেবে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি ও চলচ্চিত্র পর্দায় সুপরিচিত নাম ‘হেনরি আমিন’, প্রকৃত নাম রুহুল আমিন। অত্যন্ত সৃজনশীল এবং উদ্ভাবনী একটি ব্যক্তিত্ব ছিলেন।  মেধাবী ও গুণী এই মানুষটির আজ ১৩তম মৃত্যুবার্ষিকী। ২০১৩ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।
লেখক হিসেবে খ্যাতি অর্জনের আগে তিনি হয়েছিলেন একজন নাট্যনির্দেশক, এবং গল্প ও উপন্যাস রচনা করেছেন, যেগুলো বিভিন্ন সময়, বিশেষ করে বাৎসরিক বইমেলায় প্রকাশ হয়েছে। তার জীবনের অত্যন্ত চমকপ্রদ বিষয় ছিল তার কর্মজীবন, রুহুল আমিনে-র ক্যারিয়ারের শুরু ছিল বাংলাদেশ বিমানবাহিনী, একইসময় তার বাবা মো: হাবিবউল্লাহ ছিলেন বিমানবাহিনীর (টেক্নিকাল ট্রেড) ওয়ারেন্ট অফিসার। রুহুল আমিন ১৯৭০ সালে বিমানবাহিনীর ইএন্ডআই ট্রেডে নিযুক্ত হন, সুযোগ্য ও সুদক্ষ বিমানসেনা হিসেবে সশস্ত্র বাহিনীতে থেকে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ বিষয়ক ‘সমর’ ‘জয়’ ‘সংবিধান’ সহ গর্বিত বিমানসেনা হিসেবে তিনি চারটি বিশেষ পদক পেয়েছিলেন। মাত্র সাত বছরের চাকরিজীবনে ছিল তার এই অর্জন। বিমান বাহিনীতে চাকুরীকালীন সময়ে 'এয়ারফোর্স কালচারাল ক্লাব'-এর সূচনালগ্ন থেকে তার নিজস্ব পারদর্শীতার জন্য ক্লাবের অর্গানাইজিং দায়িত্বপ্রাপ্ত হন। সেসময় থেকে তিনি নিয়মিত মঞ্চনাটক ও সাংস্কৃতিক প্রোগ্রামের নাটকগুলোতে নির্দেশনা দিয়েছেন, এবং গান ও অভিনয়েও ভূমিকা রেখে পুরস্কৃত হয়েছেন। ৭০ দশকের শেষভাগে তিনি বিমানবাহিনীর চাকরি থেকে বিদায় নেন এবং বাংলাদেশ চলচ্চিত্র ভূবনে পদার্পণ করেন। প্রথমে সহকারী পরিচালক তারপর সংলাপ লেখক এবং সময়ের সাথে পূর্ণ চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য লেখক হিসেবে সুনাম অর্জন করেন। ৮০ দশকের শুরু থেকে ৯০ দশক এবং ২০০৫ সাল পর্যন্ত মুক্তিপ্রাপ্ত অসংখ্য চলচ্চিত্রের কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লেখক হিসেবে অবদান রেখেছেন। অনেক ব্যবসাসফল, হিট-সুপারহিট চলচ্চিত্রের গল্প তার লিখা। 
২০১৩ সালের ২৮ নভেম্বর, ব্যবসার কাজে দেশের বাহিরে যাবারকালে, রাতে রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করছিলেন, হঠাৎ মেজর হার্ট অ্যাটাক হয়। দ্রুত সময়ে তার দুই সন্তান সেখান থেকে এম্বুলেন্স যোগে উত্তরায় একটি প্রাইভেট হাসপাতালে নেন, এবং পরদিন সকাল ৭ ঘটিকা (আনুমানিক) তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। প্রয়াত এই গুণি লেখকের স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। 
হেনরী আমিন (মোঃ রুহুল আমিন) ১৯৫২ সালের ১৫ জুন, ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মোঃ হাবিবউল্লাহ'র চাকুরীর সুবাদে তাঁর শৈশব ও কৈশর কেটেছে পাকিস্তানের করাচী এবং লাহোরে। ১৯৬৯ সালে ঢাকা ক্যান্টনমেন্টের মুসলিম মডার্ণ একাডেমী থেকে মাধ্যমিক পাশ করে, ঢাকা কলেজে ভর্তি হন, বড় পরিবারের সবচেয়ে বড় সন্তান হিসেবে দায়িত্ববোধ থেকে বাবা'র কথায় বিমানবাহিনীতে পরীক্ষা দিয়ে সিলেক্ট হয়ে যোগ দেন, ১৯৭০ সাল থেকে তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীর কোহাট ও কোরাঙ্গীতে ট্রেনিং প্রাপ্ত হন। যুদ্ধ পরবর্তী সময়ে ১৯৭২ সালে ঢাকার কবি নজরুল কলেজ থেকে তিনি উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। চাকরিকালীন সময়েই  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিরাগত পরীক্ষার্থী হিসেবে তিনি ১৯৭৬ সালে বি.এ পাস করেন।
হেনরী আমিন কিশোর বয়স থেকেই স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেন ও নাট্যাংশে অভিনয় করতেন। তাঁর লেখালেখির অভ্যাসও তরুণ বয়স থেকেই। সেই সময়ে তিনি মাসিক 'ঝিনুক' ও 'জোনাকি' পত্রিকায় ছোট গল্প, প্রবন্ধ ও রম্যরচনা লিখতেন। টেলিভিশন চ্যানেলের জন্য ধারাবাহিক ও প্যাকেজ নাটক রচনা করেছেন, পরবর্তীতে টেলিফিল্ম লিখেছেন।
১৯৭৮ সালের পর থেকে হেনরী আমিন দেশের বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিকভাবে মঞ্চনাটক পরিচালনা করেন। স্কুলজীবন থেকে প্রচন্ডরকম বইপড়ুয়া ছিলেন তিনি, কলেজ, বিশ্ববিদ্যালয়, পাকিস্তানে চাকরি প্রশিক্ষণে থাকাকালীন সময়গুলোতে, এবং তারপরে চাকরিককালীন সময় পর্যন্ত দুই হাজার বই তিনি সংগ্রহ ও সংরক্ষণ করেছেন, লেখালেখি থেকে খানিক বিরতি বা অবসর পেলেই পড়েছেন।  অর্থাৎ  বহু আগে থেকে তিনি ব্যক্তিগত উদ্দীপনায় চলচ্চিত্র বিষয়ক জ্ঞান উন্মেষ এর জন্য সর্বদাই বইপত্র সংগ্রহ ও পড়ার চর্চা জারি রেখেছেন। বাংলাদেশ চলচ্চিত্রে প্রাথমিক সময়ে, অর্থাৎ ১৯৭৮/১৯৭৯ সালে, চিত্রপরিচালক খসরু নোমান, রুহুল আমিন, দিলীপ সোম, দেওয়ান নজরুল, শওকত জামিল এর চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব ভূমিকা পালন করেন। এবং এই সুবাদে সিনে ডিরেক্টোরিয়াল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিডাব) এর আজীবন সদস্যপদ লাভ করেন। 
বাংলাদেশ চলচ্চিত্রের স্বনামধন্য ও সুপরিচিত কাহিনিকার, চিত্রনাট্যকার ও সংলাপ লেখক হেনরি আমিন (রুহুল আমিন) এর রচিত কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ দ্বারা নির্মিত ও মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র সমূহ: 
শহর থেকে দূরে, চম্পা চামেলি, গাংচিল, সোনা বউ, ধর্ম আমার মা, তালুকদার, শাহ জামাল, সবার উপরে, অবুঝ হৃদয়, বিস্ফোরণ, ধন রত্ন, আসমান জমিন, লাওয়ারিশ, লিনজা, নির্দয়, সুখের মিলন, মুক্তার মালা, বিধান, লৌহ মানব, স্বার্থপর, বিষের বাঁশি, প্রেম প্রতিশোধ, মাটির দুর্গ, সৎ মানুষ, চরম আঘাত, আখেরী রাস্তা, মহা ভূমিকম্প, হিংসার আগুন, ক্ষমতার লড়াই, বাংলার কমান্ডো, দোস্ত আমার দুশমন, বিশাল আক্রমণ, বীর সন্তান, প্রেমের অহংকার, বিশ্বনেত্রী, বাংলার মা, স্বপ্নের পৃথিবী, আত্মত্যাগ, স্নেহের প্রতিদান, নিষ্ঠুর, শেষ ঠিকানা, বাঁচার লড়াই, বেঈমানী, রঙ্গীন উজান ভাটি, অচল পয়সা, পৃথিবী তোমার আমার, মুক্তি চাই, গুপ্ত ঘাতক, মা যখন বিচারক, সাগরিকা, অনন্ত ভালোবাসা, মুন্না মাস্তান, মিস ডায়না, দুজন দুজনার, আশা আমার আশা, বিদ্রোহী আসামী, কারিশমা, জামিন নাই, জোর যার মুল্লুক তার, কেন ভালোবাসলাম, বিশ্ব বাটপার, দুই ভাইয়ের যুদ্ধ, বাঘের বাচ্চা, প্রেম করেছি বেশ করেছি ইত্যাদি। এছাড়াও সম্পূর্ণ কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ সমৃদ্ধ বেশকিছু চলচ্চিত্র বিভিন্ন কারনে মুক্তি না পাওয়া অবস্থায় রয়ে যায়, কোনো নাম পরিবর্তন, গল্প ও কলাকুশলী পরিবর্তন, মুক্তির অপেক্ষারত, বিশেষ বা জরুরি কোনো সিদ্ধান্তের জন্য এবং বিশেষ করে তার মারা যাবার পর অসম্পন্ন ও অসমাপ্ত চলচ্চিত্র হিসেবে রয়ে গেছে।  
বাংলাদেশ চলচ্চিত্র লেখক সমিতির সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, ২০০০ সালে লেখক সমিতির প্রথম সাধারণ নির্বাচনে আহবায়ক, এবং নির্বাচিত সভাপতি প্রার্থী ছিলেন হেনরী আমিন। হেনরি আমিন এর মতো ব্যাক্তিকে নিয়ে লিখতে হলে লেখার জন্য বেশকিছু পর্ব প্রয়োজন, লেখককে নিয়ে লেখা, সুতরাং স্বাভাবিক। হেনরি আমিন এর মতো ব্যক্তিরা বাংলাদেশ চলচ্চিত্র তথা দেশ ও সমাজের নেপথ্যে অবদান রেখে, অদেখা হয়ে রয় , এভাবেই পর্দার আড়ালে থাকা মানুষদের চেনা জানা যায়না, তারাও সেসব চায় এমনটা নয়। সেকালের সেরা মানুষগুলোর অনেক নাম, কাজ,  অবদান প্রজন্ম ডিজিটাল আর্কাইভ বা রেকর্ড বা নথিতে অন্তর্ভুক্ত পাবেনা। কিন্তু সবকিছুর পরেও তাদের নিয়ে স্মরণে স্মৃতিতে বলা আর লিখা মলিনও হয়ে যাবেনা। 
তাঁর মেধা, জ্ঞান, দক্ষতা, পরিশ্রম, অভিজ্ঞতা, যোগ্যতা দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র সহ সমাজের বিভিন্ন অঙ্গণে সুন্দর সামাজিক ও সাংস্কৃতিক ও সমৃদ্ধিতে কাজ করেছেন, ভূয়সী প্রশংসার অবদান রেখেছেন। পরিশেষে অন্তরস্থ কামনা প্রিয় হেনরী আমিন অনন্তলোকে ভালো থাকুন, মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ ক্ষমা করুন জান্নাতুল ফেরদৌস দান করুন। সকলের নিকট হেনরি আমিন এবং তার পরিবারের জন্য দোয়া-প্রার্থনার আহবান জানাচ্ছি।