নওগাঁর মান্দায় ট্রাকের চাপায় সাগর হোসেন (সাগর) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মহানগর নিচপাড়া এলাকায় চৌবাড়িয়া-দেলুয়াবাড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় ট্রাকের চাপায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাগর হোসেনের মৃত্যু হয়।
নিহত সাগর হোসেন উপজেলার দেলুয়াবাড়ি বাজারের পরিচিত ব্যবসাপ্রতিষ্ঠান মিঠু টেলিকমের স্বত্বাধিকারী মিঠুর ছোট ভাই।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, মরদেহের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।