চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ জানায়, বিস্ফোরণের ওই ঘটনায় বৃহস্পতিবার(২৬ নভেম্বর) বিকাল সোয়া ৪টায় শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) লিটন সরকার বাদী হয়ে বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনের একাধিক ধারায় শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৭৯ জনকে এজাহারনামীয় এবং ১০০/১৫০ জন অজ্ঞাতনামাকে আসামী করা হয়েছে। মামলার পর পুলিশ রাত সোয়া ৮টার দিকে শিবগঞ্জ থেকে এজাহারনামীয় দু’জন এবং এর আগে এসআরবি রাত সাড়ে ৭টার দিকে রাজশাহী থেকে বিস্ফোরণে আহত একজনকে গ্রেপ্তার করেছে।
এরমধ্যে শিবগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছেন শিবগঞ্জের চানশিকারী গ্রামের মো.সেনাপতির ছেলে রুবেল ইসলাম (২৩) ও একই গ্রামের বাসির উদ্দিনের ছেলে রিফাত হাসান (১৮)। এছাড়া রাজশাহী মহানগরের তেরখাদিয়া এলাকা থেকে এসআরবির অভিযানে গ্রেপ্তার হয়েছেন মনাকষা পারচৌকা গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে নাজমুল কবীর ওরফে নুরুল(৩৮)। গ্রেপ্তারের পর তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে তাঁর চোখ ক্ষতিগ্রস্থ হয়েছে।
রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে র্যাব-৫ ব্যাটালিয়ন,রাজশাহী রাত পৌনে ১১টায় এক বিজ্ঞপ্তিতে আহত নুরলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।
এদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, গ্রেপ্তার দুজনকে শুক্রবার(২৭ নভেম্বর) আদালতে পাঠানো হবে। মামলার তদন্ত শুরু হয়েছে এবং অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, বুধবার (২৫নভেম্বর) দুপুরে মনাকষা ইউনিয়নের চৌকা এলাকায় বিস্ফোরণের ওই ঘটনায় টমাস নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী নিহত ও অন্তত: ৩ জন আহত হন।