মো শা হে দ চৌ ধু রী

  • মানুষ আবার মানুষ হোক
  • ২০২৬-১১-২৬ ২২:৫৩:৩০
image

শোনো পৃথিবী ! আমরা শুনতে চাই না লোভের জয়গান
শুনতে চাই না ক্ষমতাবানের হম্বিতম্বি।
দেখতে চাই না রূঢ় মৃত্যুর বুকে অমানুষের পৈশাচিক উল্লাস,
প্রতিদিন খবরের কাগজ খুললেই পাই রক্তের গন্ধ,
দেখি মানুষের মুখোশে হিংস্র জানোয়ারের পদচিহ্ন।
আমরা ক্লান্ত ক্ষুব্ধ ও লজ্জিত, কিন্তু পরাজিত নই।
আমরা কবিতা লিখি কারণ কবিতা এখনও
মানুষের পক্ষে থাকা অবিনাশী ঢাল।
প্রেমের কথা বলি কারণ ঘৃণার বিরুদ্ধে প্রেমই বড় বিদ্রোহ।
মিছিল এগিয়ে চলে -- স্লোগান ওঠে
ধ্বংস হোক সভ্যতার বিরুদ্ধ শক্তি, ধ্বংস হোক হিংসা
আর মানুষের আদিম অন্ধকার।
শিশুর হাসি চাই, মায়ের নিরাপদ ঘুম চাই
প্রেমিকের হাতে ফুল চাই, শ্রমিকের মুখে ভাত চাই।
আমরা এমন পৃথিবী চাই যেখানে মানুষের পরিচয় হবে মানুষ
দল নয় ক্ষমতা নয় অহংকার নয়।
এসো এসব বিষাক্ত শব্দ নদীতে ভাসিয়ে দিই
সব ঘৃণার দেওয়াল ভেঙে ফেলি।
অমানবিকতার বিরুদ্ধে একসঙ্গে উচ্চারণ করি --
মানুষ আবার মানুষ হোক, মানুষ আবার মানুষ হোক, মানুষ আবার মানুষ হোক।
যতদিন না প্রতিটি হৃদয়ে করুণার আলো জ্বলে,
ততদিন আমাদের মিছিল থামবে না
ততদিন আমাদের কবিতা থামবে না
ততদিন আমাদের কণ্ঠে বাজবে বজ্রধ্বনি --
মানুষের জয় হোক, মানবতার জয় হোক।