একটি শিশুর জন্ম শুধু পৃথিবীতে তার আগমন নয়,রাষ্ট্রের কাছে তার অধিকার,পরিচয় ও অস্তিত্বের স্বীকৃতিও। অথচ বাংলাদেশের লাখ লাখ কন্যাশিশুর শৈশব আজও অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ের সামাজিক চাপ,দারিদ্র্য,নিরাপত্তাহীনতা ও বৈষম্যের কাছে হার মানছে। শিক্ষা,স্বপ্ন,নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার স্বাধীনতা-সবকিছুর ওপর নেমে আসছে বাল্যবিবাহের অদৃশ্য শৃঙ্খল।
২৭ নভেম্বর প্রথমবারের মতো পালিত হচ্ছে আন্তর্জাতিক বাল্যবিবাহ,অপ্রাপ্তবয়সে বিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস। ২০২৬ সালের ৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ দিবসটি ঘোষণা করে। এই আন্তর্জাতিক স্বীকৃতি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ; কিন্তু বাংলাদেশের বাস্তবতায় দিবসটির তাৎপর্য কেবল আনুষ্ঠানিকতা বা সচেতনতামূলক বক্তব্যে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। এটি আমাদের জাতীয় ব্যর্থতা, সামাজিক দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি রাষ্ট্রের অঙ্গীকার নতুন করে পর্যালোচনার উপলক্ষ।
পরিসংখ্যানের আড়ালে হারিয়ে যাচ্ছে শৈশব
বাংলাদেশে বাল্যবিবাহের চিত্র এখনো উদ্বেগজনক। ইউনিসেফের ২০২৫ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) অনুযায়ী,দেশের ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। ১৩ দশমিক ৪ শতাংশের বিয়ে হয়েছে ১৫ বছরের আগেই। ২০১৯ সালের তুলনায় বাল্যবিবাহের হার কিছুটা কমলেও অগ্রগতির গতি প্রয়োজনের তুলনায় অত্যন্ত ধীর।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে বাল্যবিবাহের হার সর্বোচ্চ। যেখানে দক্ষিণ এশিয়ায় ১৮ বছরের আগে বিয়ের সামগ্রিক হার প্রায় ২৫ শতাংশ,সেখানে বাংলাদেশে তা প্রায় ৪৭ শতাংশ। অর্থাৎ আঞ্চলিক গড়ের তুলনায় বাংলাদেশ প্রায় দ্বিগুণ পিছিয়ে।
এই পরিসংখ্যান শুধু কিছু সংখ্যা নয়; এর পেছনে রয়েছে স্কুল ছেড়ে দেওয়া কিশোরী,অকাল মাতৃত্ব, অপুষ্টি,পারিবারিক সহিংসতা,অর্থনৈতিক নির্ভরশীলতা এবং অসমাপ্ত স্বপ্নের অসংখ্য গল্প। বাল্যবিবাহ একটি মেয়ের জীবনের গতিপথ বদলে দেয়। তার শারীরিক বিকাশ,মানসিক সুস্থতা,শিক্ষার ধারাবাহিকতা এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা সংকুচিত করে। এর প্রভাব শুধু একটি পরিবারে সীমাবদ্ধ থাকে না; দেশের মানবসম্পদ উন্নয়ন,উৎপাদনশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতেও দীর্ঘমেয়াদি ক্ষতি তৈরি করে।
এসডিজির অঙ্গীকার,বাস্তবতার কঠিন পরীক্ষা
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৫-এর লক্ষ্য নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের বৈষম্য দূর করা। এর ৫.৩ নম্বর লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ,অপ্রাপ্তবয়সে বিবাহ ও জোরপূর্বক বিবাহসহ ক্ষতিকর প্রথা নির্মূলের অঙ্গীকার রয়েছে। অন্যদিকে এসডিজি ১৬.৯-এ ২০৩০ সালের মধ্যে সবার জন্য আইনি পরিচয় নিশ্চিত করার কথা বলা হয়েছে,যার অন্যতম ভিত্তি জন্মনিবন্ধন।
বাংলাদেশও এই আন্তর্জাতিক অঙ্গীকারের অংশীদার। কিন্তু বর্তমান অগ্রগতির গতি প্রশ্ন তৈরি করছে-২০৩০ সালের মধ্যে আমরা কি সত্যিই বাল্যবিবাহ নির্মূলের পথে পৌঁছাতে পারব?
ইউএনএফপিএর মূল্যায়ন অনুযায়ী,বাংলাদেশে বাল্যবিবাহ কমার বর্তমান গতি অব্যাহত থাকলে এ প্রথা সম্পূর্ণ নির্মূল করতে দুই শতাব্দীরও বেশি সময় লাগতে পারে। এমন পূর্বাভাস আমাদের নীতিনির্ধারণী কাঠামো,বাস্তবায়নব্যবস্থা এবং সামাজিক উদ্যোগের কার্যকারিতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।
জন্মনিবন্ধন: আইনি পরিচয় থেকে প্রতিরোধের হাতিয়ার
বাল্যবিবাহ প্রতিরোধে জন্মনিবন্ধনকে আমরা অনেক সময় প্রশাসনিক আনুষ্ঠানিকতা হিসেবে বিবেচনা করি। অথচ এটি একটি শিশুর আইনি পরিচয়ের প্রথম দলিল এবং অধিকার সুরক্ষার অন্যতম প্রধান ভিত্তি।
জন্মনিবন্ধন থাকলে শিশুর প্রকৃত বয়স যাচাই করা সহজ হয়। বিয়ের সময় বয়স গোপন করা,ভুয়া জন্মসনদ তৈরি কিংবা বয়স বাড়িয়ে দেখানোর সুযোগ কমে। স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধি,শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ঝুঁকিতে থাকা কন্যাশিশু শনাক্ত করাও সহজ হয়।
কিন্তু এখানেই বাংলাদেশের আরেকটি বড় দুর্বলতা রয়েছে। ইউনিসেফের ২০২৫ সালের এমআইসিএস তথ্য অনুযায়ী, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মাত্র ৫৯ শতাংশ জন্মনিবন্ধিত; জন্মসনদ রয়েছে মাত্র ৪৭ শতাংশের। অর্থাৎ উল্লেখযোগ্যসংখ্যক শিশু এখনো কার্যকর আইনি পরিচয়ের বাইরে।
এই ঘাটতি দূর করতে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন,২০০৪-এর যুগোপযোগী সংস্কার প্রয়োজন। বিশেষজ্ঞদের প্রস্তাব অনুযায়ী,নিবন্ধনের দায়িত্ব ব্যক্তিনির্ভর না রেখে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে আইনগতভাবে দায়িত্বশীল করা হলে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে জন্ম নেওয়া শিশুর নিবন্ধন জন্মের পরপরই নিশ্চিত করা সম্ভব। হাসপাতাল, মাতৃসদন, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল নিবন্ধনব্যবস্থার মধ্যে সমন্বিত সংযোগ গড়ে তোলা এখন সময়ের দাবি।
জন্মের সঙ্গে নিবন্ধন-এই নীতি বাস্তবায়ন করতে পারলে কোনো শিশুর পরিচয় যেন পরিবারের আর্থিক অবস্থা, সচেতনতার অভাব কিংবা প্রশাসনিক জটিলতার কারণে হারিয়ে না যায়।
দক্ষিণ এশিয়ার তুলনায় পিছিয়ে কেন?
বাংলাদেশের বাল্যবিবাহ পরিস্থিতি দক্ষিণ এশিয়ার সামগ্রিক চিত্রের তুলনায় উদ্বেগজনক। ভারত,নেপাল, ভুটান,শ্রীলঙ্কা ও মালদ্বীপসহ এই অঞ্চলের দেশগুলোতে বাল্যবিবাহের হার ও প্রবণতা এক নয়। দারিদ্র্য, শিক্ষার সুযোগ,সামাজিক রীতিনীতি,নারীর কর্মসংস্থান এবং আইনের প্রয়োগের পার্থক্য দেশগুলোর অগ্রগতিকে প্রভাবিত করছে।
বাংলাদেশের বিশেষ দুর্বলতা হলো-আইন ও নীতিমালা থাকলেও সামাজিক বাস্তবতা এবং প্রয়োগের মধ্যে বড় ব্যবধান রয়ে গেছে। গ্রামীণ এলাকায় দারিদ্র্য,যৌতুকের চাপ,মেয়েদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, সামাজিক মর্যাদার ভুল ধারণা এবং দুর্যোগপ্রবণ অঞ্চলে অর্থনৈতিক অনিশ্চয়তা বাল্যবিবাহের ঝুঁকি বাড়ায়। দরিদ্র পরিবারগুলো অনেক সময় মেয়ের বিয়েকে অর্থনৈতিক বোঝা কমানোর উপায় হিসেবে বিবেচনা করে। অথচ এই সিদ্ধান্ত ভবিষ্যতে সেই পরিবারকেই আরও দারিদ্র্যের চক্রে আবদ্ধ করতে পারে।
সাম্প্রতিক তথ্যেও দেখা যাচ্ছে, দরিদ্র পরিবার ও কম শিক্ষিত মেয়েদের মধ্যে বাল্যবিবাহের প্রবণতা তুলনামূলক বেশি। তাই শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করার উদ্যোগও সমান গুরুত্বপূর্ণ।
করণীয়: আইন,শিক্ষা ও সামাজিক প্রতিরোধের সমন্বয়
বাল্যবিবাহ প্রতিরোধে কয়েকটি পদক্ষেপকে জাতীয় অগ্রাধিকারে নিতে হবে।
প্রথমত, জন্মনিবন্ধন সর্বজনীন করা।জন্মের পরপর নিবন্ধন নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে আইনি দায়িত্বের আওতায় আনতে হবে। নিবন্ধনব্যবস্থা সহজ,বিনামূল্যে,প্রযুক্তিনির্ভর এবং জবাবদিহিমূলক হওয়া প্রয়োজন।
দ্বিতীয়ত, বাল্যবিবাহ নিরোধ আইন,২০১৭-এর কার্যকর সংস্কার ও প্রয়োগ নিশ্চিত করা।আইনের ব্যতিক্রমী বিধান যেন বাল্যবিবাহ বৈধ করার পথ হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করতে হবে। বয়স যাচাই, বিয়ের নিবন্ধন,অভিযোগ গ্রহণ, তদন্ত এবং বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে হবে।
তৃতীয়ত, কন্যাশিশুর শিক্ষা অব্যাহত রাখতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ঝরে পড়া রোধ, উপবৃত্তি,নিরাপদ যাতায়াত,বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং প্রয়োজনে পরিবারকে আর্থিক সহায়তা দিতে হবে। একটি মেয়েকে বিদ্যালয়ে ধরে রাখা বাল্যবিবাহ প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়।
চতুর্থত, পরিবার ও সমাজের মানসিকতা পরিবর্তন করতে হবে। ধর্মীয় নেতা,শিক্ষক,জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন,গণমাধ্যম ও যুবসমাজকে নিয়ে স্থানীয় পর্যায়ে সচেতনতা ও প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে হবে। বাল্যবিবাহের খবর গোপন না রেখে নিরাপদে অভিযোগ জানানোর ব্যবস্থা থাকতে হবে।
পঞ্চমত, কন্যাশিশুর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। দরিদ্র পরিবারগুলোর জন্য সামাজিক নিরাপত্তা,কর্মসংস্থান,দক্ষতা উন্নয়ন ও আর্থিক সহায়তা বাড়াতে হবে। মেয়েদের ভবিষ্যৎ যেন কেবল বিয়ের ওপর নির্ভরশীল না হয়, সে জন্য শিক্ষা ও কর্মজীবনের বাস্তব সুযোগ তৈরি করতে হবে।
শৈশব রক্ষায় রাষ্ট্রের দায়,সমাজের অঙ্গীকার
বাল্যবিবাহ নির্মূলের লড়াই কেবল নারী ও শিশু অধিকার সংগঠনের কাজ নয়। এটি রাষ্ট্রপরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। একটি শিশুর জন্মনিবন্ধন যেমন তার পরিচয় নিশ্চিত করে,তেমনি তার শিক্ষা,নিরাপত্তা,পুষ্টি,মতপ্রকাশের স্বাধীনতা এবং নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার অধিকার নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব।
আন্তর্জাতিক দিবস আমাদের সচেতন করবে,কিন্তু সচেতনতা একা পরিবর্তন আনবে না। প্রয়োজন কার্যকর আইন,জবাবদিহিমূলক প্রশাসন,নির্ভুল তথ্য,পর্যাপ্ত বাজেট এবং সামাজিক প্রতিরোধ।
বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনের স্বপ্ন দেখে। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে প্রতিটি কন্যাশিশুর শৈশব রক্ষা করা একটি মৌলিক শর্ত। জন্মনিবন্ধনকে সর্বজনীন করা,বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মেয়েদের শিক্ষা ও ক্ষমতায়নের সুযোগ নিশ্চিত করা গেলে পরিবর্তনের ভিত্তি শক্তিশালী হবে।
একটি মেয়ের বয়স ১৮ হওয়ার আগে তার জীবনের সিদ্ধান্ত অন্য কেউ নিয়ে নেবে-এমন সমাজ আমরা চাই না। আমরা চাই, প্রতিটি কন্যাশিশু নিজের স্বপ্ন দেখুক,নিজের যোগ্যতায় এগিয়ে যাক এবং নিজের ভবিষ্যৎ নিজেই নির্মাণ করুক।
'বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ শুধু একটি উন্নয়ন লক্ষ্যমাত্রা নয়; এটি মানবিক রাষ্ট্র,ন্যায়ভিত্তিক সমাজ এবং আগামী প্রজন্মের প্রতি আমাদের নৈতিক অঙ্গীকার।'
লেখক: কলামিস্ট,উন্নয়ন সংগঠক ও মানবাধিকার কর্মী।