রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৯৯ গ্রেপ্তার,অস্ত্র-মাদক ও ককটেল উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-১১-২৬ ০৯:২৭:১২
image

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫২টি মামলা দায়েরের পাশাপাশি অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।
রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য জানিয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৩৯ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এছাড়া ওয়ারী বিভাগে ৭৯ জন, তেজগাঁও বিভাগে ৬৬ জন, লালবাগ বিভাগে ৫৯ জন, মতিঝিল বিভাগে ৪৫ জন, গুলশান বিভাগে ৪৪ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং রমনা বিভাগে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন আরও দুজন।
অভিযান চলাকালে বিভিন্ন অপরাধে ৫২টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি রিভলভার, একটি চাপাতি, চারটি ককটেল, সাতটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ৩০৭ পিস ইয়াবা এবং ৪ কেজি ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া একটি সেলাই রেঞ্জ, সাতটি মোবাইল ফোন ও নগদ ৩২ হাজার ৯০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। অভিযানের সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপি অভিযান, রাজধানীতে গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার।