স্বাস্থ্য, বিদ্যুৎ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-১১-২৫ ১৮:৪৪:০০
image

স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ বিতরণ,গ্রামীণ অবকাঠামো,বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত প্রকল্পের মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে।
স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশনসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের একনেকের অষ্টম সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
সভা শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে সাংবাদিকদের বিস্তারিত জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় করা হবে।
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ ও আধুনিকায়নে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। ঢাকার আশপাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে ৪ হাজার ৬০১ কোটি ৭ লাখ টাকা এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন ও সম্প্রসারণে ৮ হাজার ৯৭৯ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় করা হবে।
স্বাস্থ্য খাতেও একাধিক প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন পেয়েছে। পাশাপাশি যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও সংশ্লিষ্ট ভবন নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী এবং জাতীয় গ্যাস্ট্রোএন্টারোলজি ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পও অনুমোদিত হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের চতুর্থ মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে পাবনা জেলা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলা এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প।
এ ছাড়া গ্রামীণ মাটির রাস্তা টেকসই করতে হেরিং বোন বন্ড (এইচবিবি) পদ্ধতিতে রাস্তা নির্মাণের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের চতুর্থ সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করবে।
বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ সুবিধা উন্নয়নে কক্সবাজারের পেকুয়া উপজেলায় উপকূলীয় বেড়িবাঁধের ৬৪/২এ ও ৬৪/২বি অংশ পুনর্বাসন প্রকল্প অনুমোদন পেয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করবে।
এদিকে, ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও সাতটি প্রকল্পের বিষয়ে একনেক সভায় অবহিত করা হয়। এসব প্রকল্প ইতোমধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী, ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (এফআরইএপি) এবং কেন্দ্রীয় প্যাকিং হাউসের উদ্ভিদ সঙ্গনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ প্রকল্প।
এ ছাড়া ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ, দেশের অভ্যন্তরীণ মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন, ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ (ভিআরসি) শক্তিশালীকরণ এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের প্রকল্পও রয়েছে।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

একনেকপ্রকল্প, উন্নয়নপ্রকল্প, বাংলাদেশঅর্থনীতি