পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত, কার্যকর ডিসেম্বর থেকে

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-১১-২৫ ০৯:৫৬:০২
image

টানা ২১ ঘণ্টার আলোচনা ও দরকষাকষির পর বাংলাদেশের তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামো চূড়ান্ত হয়েছে। মজুরি বোর্ডের ভোটাভুটিতে সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে।
বাংলাদেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করেছে ন্যূনতম মজুরি বোর্ড। পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ডিসেম্বর থেকে এই কাঠামো কার্যকর হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের সভাকক্ষে টানা ২১ ঘণ্টার আলোচনা ও দরকষাকষি শেষে দিবাগত রাত সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। শিগগিরই এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন প্রকাশ করা হবে বলে জানান তিনি।
বোর্ড চেয়ারম্যান জানান, এবার মাত্র ২০ দিনের মধ্যে পোশাকশ্রমিকদের মজুরি চূড়ান্ত করা সম্ভব হয়েছে। প্রথম থেকে তৃতীয় গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষ সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছালেও সর্বনিম্ন চতুর্থ গ্রেডের মজুরি নিয়ে মতপার্থক্য দেখা দেয়।
শ্রমিকপক্ষ সর্বনিম্ন মজুরি ১৮ হাজার টাকা দাবি করায় শ্রম আইন অনুযায়ী গোপন ভোটের আয়োজন করা হয়। ভোটে বোর্ডের চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে এবং দুই সদস্য ১৮ হাজার টাকার পক্ষে মত দেন। সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।
নতুন মজুরি কাঠামো এক নজরে
প্রথম গ্রেড: ২১ হাজার ৫০০ টাকা
দ্বিতীয় গ্রেড: ২০ হাজার টাকা
তৃতীয় গ্রেড: ১৯ হাজার ২০০ টাকা
চতুর্থ গ্রেড: ১৭ হাজার টাকা

নতুন কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডে সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটররা থাকবেন।
দ্বিতীয় গ্রেডে সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, বিশেষায়িত কাজের সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার ও সিনিয়র কাফ মেকাররা অন্তর্ভুক্ত।
তৃতীয় গ্রেডে জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান ও সুইং সহকারীরা থাকবেন। আর চতুর্থ গ্রেডে হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা।
এ ছাড়া যেসব শ্রমিক বর্তমানে নতুন নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পাচ্ছেন, তাঁদের মূল বেতনের সঙ্গে অন্তত ২ হাজার টাকা সমন্বয়ের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। সক্ষমতা অনুযায়ী কারখানা মালিকরা এর চেয়ে বেশি বেতনও দিতে পারবেন।
জানা গেছে, সোমবার মালিকপক্ষের প্রস্তাবের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টা থেকে আলোচনা শুরু হয়। নামাজ ও রাতের খাবারের বিরতি দিয়ে রাত দেড়টা পর্যন্ত চলা বৈঠকে উভয়পক্ষ ছয় দফা প্রস্তাব উপস্থাপন করে।
সংবাদ সম্মেলনে শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান। তিনি বলেন, আন্দোলনের কারণে ৫০০ থেকে ৬০০ কারখানা বন্ধ থাকলেও এবার ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি প্রয়োগ করা হয়নি কিংবা শ্রমিকদের গণহারে চাকরিচ্যুত করা হয়নি।
মজুরি ঘোষণার পর কোনো সংগঠনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তার দায় সংশ্লিষ্ট সংগঠনকে নিতে হবে বলেও সতর্ক করেন তিনি। পাশাপাশি আন্দোলনের কারণে কোনো শ্রমিককে ছাঁটাই না করা, গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের জন্য বোর্ডের পক্ষ থেকে সরকারের কাছে সুপারিশ করা হবে বলে জানান।
সংবাদ সম্মেলনে বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি আসিফ আইয়ুব ও এবিএম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
এদিকে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের তৈরি পোশাক শিল্প বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) জরিপ অনুযায়ী, গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনে ৩১৭টি কারখানার ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি ক্রেতাদের আস্থা সংকটের কারণে ২৫৪ মিলিয়ন ডলারের নিশ্চিত রপ্তানি আদেশ অন্য দেশে চলে গেছে।
নতুন মজুরি কাঠামো কার্যকর হলে শ্রমিকদের দীর্ঘদিনের অসন্তোষ কমবে এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


পোশাকশ্রমিকেরমজুরি, ন্যূনতমমজুরি১৭হাজার, গার্মেন্টসশিল্পবাংলাদেশ